এবারের বিশ্বকাপ থেকে ট্রফি ও মেডেলের পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাচ্ছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই ঐতিহ্যবাহী আমেরিকান সংস্কৃতির প্রচলন করেছে।ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি এবার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন পারসোনালাইজড বিশেষ ‘চ্যাম্পিয়নস রিং’ বা আংটি।
আগামী রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ীরাই প্রথম এ অনন্য উপহারের মালিক হবেন।
উত্তর আমেরিকার জনপ্রিয় খেলাধুলা। যেমন—এনবিএ, এনএফএল এবং এমএলবি চ্যাম্পিয়নদের আংটি দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।সেই আমেরিকান সংস্কৃতির আদলে অনুপ্রাণিত হয়ে এবার ফুটবল বিশ্বেও এই আভিজাত্য যুক্ত করছে ফিফা।
জানা গেছে, ট্রফি এবং পদক দেওয়ার পর বিজয়ীদের আঙুলেই পরিয়ে দেওয়া হবে এই বিশেষ রিং।
ফিফা জানিয়েছে, এই রিংয়ের মোট ২,০২৬টি ইউনিট তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি আংটি পাবেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা।বাকি ১,৯৯৬টি আংটি অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে সারা বিশ্বের ফুটবল ভক্তরা কিনতে পারবেন। আংটির একদিকে থাকবে ফিফা বিশ্বকাপের ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের লোগো। প্রতিটি আংটির সঙ্গে একটি সত্যতা যাচাইয়ের সনদ বা ‘সার্টিফিকেট অব অথেন্টিসিটি’ দেওয়া হবে।
ফাইনাল ম্যাচের পর অধিনায়ক ও কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে, পরে কাস্টমাইজ করা মূল ৩০টি আংটি খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের এই ফাইনাল ম্যাচটি এমনিতেই বিশেষ গুরুত্ব বহন করছে।কারণ, এই প্রথম দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন (কোপা আমেরিকা) এবং ইউরোপের চ্যাম্পিয়ন (ইউরো) কোনো বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে।










































