ছবি : রয়টার্স
বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে শিরোপা হারানোর ক্ষত এখনো টাটকা। তার ওপর এবার নতুন চিন্তার ভাঁজ আলবিসেলেস্তে সমর্থকদের কপালে, আর্জেন্টিনা জাতীয় দলের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির ভবিষ্যৎ কী? চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে এই সফল কোচের চুক্তির মেয়াদ।কিন্তু এখনো চুক্তির নবায়ন কিংবা নতুন কোনো ঘোষণা না আসায় চারদিকে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে কি অধ্যায়ের ইতি টানছেন স্কালোনি?
যুক্তরাষ্ট্রের মাটিতে নাটকীয় সব ম্যাচ জিতে ফাইনালে পৌঁছালেও বিশ্বজয়ের মুকুট ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বাধা টপকে ফাইনালে উঠলেও শেষ রক্ষায় স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ম্যাচ শেষে মাঠে স্কালোনির আবেগাপ্লুত উপস্থিতি যেন সেই বিদায়ের সুরকেই আরো ভারী করে তোলে।
২০২২ কাতার বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকা ট্রফি এনে দেওয়া এই জাদুকরী কোচ যদি সত্যিই সরে দাঁড়ান, তবে তার স্থলাভিষিক্ত কে হবেন?
ইয়াহু স্পোর্টসের খবর অনুযায়ী, ডাগআউটে স্কালোনির উত্তরাধিকারী হতে ফুটবলের বাজারে জোরেশোরে ভেসে আসছে চার হেভিওয়েট প্রার্থীর নাম।
পাবলো আইমার
আর্জেন্টাইন ফুটবলের এই সাবেক মিডফিল্ডার শুরু থেকেই স্কালোনির ডানহাত হিসেবে সহকারী কোচের ভূমিকা পালন করছেন। গত কয়েক বছরে আর্জেন্টিনার সোনালী যাত্রার অন্যতম রূপকার তিনি। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার নেপথ্যে ড্রেসিংরুমে আইমারের অবদান ছিল অনস্বীকার্য।স্কালোনির তৈরি করা দলের ধারাবাহিকতা ধরে রাখতে বিসিবির (এএফএ) পছন্দের তালিকার শীর্ষে আইমারকে রাখাটা একপ্রকার স্বাভাবিকই।
মার্সেলো গ্যালিয়ার্দো
খেলোয়াড় ও কোচ—উভয় ভূমিকাতেই রিভার প্লেটের কিংবদন্তি মার্সেলো গ্যালিয়ার্দো। দীর্ঘদিন ধরেই আলবিসেলেস্তেদের হটসিটে তার বসার গুঞ্জন রয়েছে। যদিও রিভারে তার দ্বিতীয় মেয়াদটা খুব একটা সুখে কাটেনি, তবুও লাতিন ফুটবলে তার অতীত সাফল্য ও ট্যাকটিক্যাল দক্ষতাই তাকে জাতীয় দলের প্রার্থীর দৌড়ে বেশ শক্ত অবস্থানে রেখেছে।
দিয়েগো সিমিওনে
অ্যাথলেটিকো মাদ্রিদের ডাগআউটে এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন দিয়েগো সিমিওনে।ক্লাব ফুটবলে ঘরোয়া ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্ভাব্য সব সাফল্য দেখা এই লড়াকু কোচ বহুবার আর্জেন্টিনার কোচ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেছেন। স্কালোনি ছাড়লে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার স্বপ্ন পূরণ হতে পারে সিমিওনের।
মাউরিসিও পোচেত্তিনো
যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর আপাতত হাত গুটিয়ে বসে আছেন পোচেত্তিনো, বাজারে তিনি এখন ‘ফ্রি এজেন্ট’। টটেনহ্যাম, প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) কিংবা চেলসির মতো বড় ক্লাব সামলানোর বিশাল অভিজ্ঞতা আছে এই আর্জেন্টাইনের। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা এবং তরুণদের ভেতর থেকে সেরাটা বের করে আনার সুখ্যাতি থাকায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর টেবিলে পোচেত্তিনো হতে পারেন বেশ আকর্ষণীয় এক বিকল্প!









































