ছবি : রয়টার্স
মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স মাত্র ৩৮ দশমিক ৫ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুই বিপরীত উপকূল থেকে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করেছে। এর মাধ্যমে দুটি কক্ষপথ অভিযান পরিচালনার মধ্যে সবচেয়ে কম সময়ের ব্যবধানের নতুন এই কম্পানি রেকর্ড তৈরি হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় সময়ে এই দুটি উৎক্ষেপণ করা হয়। এর আগে ২০২৪ সালের আগস্টে ৬৫ মিনিটের ব্যবধানে দুটি রকেট উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স। নতুন রেকর্ডটি প্রতিষ্ঠানটির দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা এবং পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির অগ্রগতি তুলে ধরেছে।
প্রথম ফ্যালকন ৯ রকেটটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রাত ৯টা ১২ মিনিটে উৎক্ষেপণ করা হয়।রকেটটিতে স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান গ্লোবালস্টারের জন্য আটটি নিম্ন পৃথিবীর কক্ষপথের (এলইও) স্যাটেলাইট ছিল।
উৎক্ষেপণের প্রায় ৫৬ মিনিট পর স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপন করা শুরু হয়। পরবর্তী ছয় মিনিটের মধ্যে সবগুলো স্যাটেলাইট সফলভাবে স্থাপন করা হয়। এর ফলে গ্লোবালস্টারের স্যাটেলাইট নেটওয়ার্ক আরো সম্প্রসারিত হলো।এর মাত্র ৩৮ দশমিক ৫ মিনিট পর, রাত ৯টা ৫০ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে দ্বিতীয় ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়।
এতে মার্কিন স্পেস ফোর্সের জন্য গোপনীয় ইউএসএসএফ-৩৬৬ পেলোড ছিল। দুটি মিশনেই ফ্যালকন ৯-এর প্রথম ধাপের বুস্টার সফলভাবে নির্ধারিত স্থানে অবতরণ করে। এর মাধ্যমে রকেটের প্রথম ধাপ পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের ক্ষেত্রে স্পেসএক্সের সাফল্য আরো একবার প্রমাণিত হয়েছে।
গ্লোবালস্টার মিশনে ব্যবহৃত ফ্যালকন ৯ রকেটের বুস্টার বি১০৯০-এর এটি ছিল ১৪তম মিশন।উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর বুস্টারটি কেপ ক্যানাভেরালের ল্যান্ডিং জোন ৪০-এ সফলভাবে অবতরণ করে।
অন্যদিকে, ইউএসএসএফ-৩৬৬ মিশনের বুস্টার বি১০৯০ এদিন ১৮তমবারের মতো মহাকাশে যায়। পরে এটি প্রশান্ত মহাসাগরে থাকা স্পেসএক্সের ড্রোনশিপ ‘অফ কোর্স আই স্টিল লাভ ইউ’-তে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে স্পেসএক্সের ফ্যালকন বুস্টার সফলভাবে অবতরণের সংখ্যা ৬৫০-এ পৌঁছেছে।
স্যাটেলাইট প্রস্তুত করতে সময় লাগায় গ্লোবালস্টারের এই উৎক্ষেপণটি মে মাস থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল। নতুন স্যাটেলাইটগুলো সরাসরি মোবাইল ও অন্যান্য ডিভাইসে যোগাযোগের সেবা উন্নত করতে সাহায্য করবে।
গ্লোবালস্টারের প্রধান নির্বাহী পল ই. জ্যাকবস বলেন, স্যাটেলাইটগুলো সফলভাবে কক্ষপথে পৌঁছানো বিশ্বজুড়ে মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাড়াতে গ্লোবালস্টারকে কেনার জন্য অ্যামাজনের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।
শনিবারের এই দুই উৎক্ষেপণের মাধ্যমে ২০২৬ সালে স্পেসএক্সের মোট কক্ষপথ অভিযান ৯৬টিতে দাঁড়িয়েছে। এর ফলে বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে স্পেসএক্সের অবস্থান শক্ত হয়েছে।








































