ভুলে অন্য রদ্রিকে স্বাগত জানাল বার্সেলোনার সমর্থকেরা

রদ্রির পরিবর্তে মার্কিন সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগোকে স্বাগত বার্তা পাঠিয়েছেন বার্সার সমর্থকরা। ছবি: সংগৃহীত

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রিকে দলে ভেড়ানোর পর আনন্দে আত্মহারা বার্সেলোনার সমর্থকেরা। কিন্তু প্রিয় খেলোয়াড়কে স্বাগত জানাতে গিয়ে তারা যে কাণ্ড ঘটিয়েছেন, সেটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেছে।ফুটবলার রদ্রির বদলে ভুল করে তারা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন মার্কিন পপতারকা অলিভিয়া রদ্রিগোকে।

ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে ছাড়িয়ে নেওয়ার পর কাল তাকে নিজেদের খেলোয়াড় ঘোষণা করেছে বার্সেলোনা। ৩০ বছর বয়সী এই তারকার সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে কাতালান ক্লাবটি। তাকে কিনতে খরচ হয়েছে ৬ কোটি ইউরো (৮৪৫ কোটি টাকা)।সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরো ১ কোটি ১০ লাখ (১৫৫ কোটি টাকা) ইউরো যোগ হতে পারে।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার কারণেও পরিচিত। তার কোনো সক্রিয় ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট (ফেসবুক, এক্স, ইন্সটাগ্রাম ইত্যাদি) নেই। ফলে নতুন ক্লাবের সমর্থকেরা অন্য ফুটবলারদের মতো সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর সুযোগ পাচ্ছেন না।

আর সেখানেই ঘটেছে মজার ভুল। রদ্রির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুঁজতে গিয়ে অনেক বার্সেলোনা সমর্থক পৌঁছে যান মার্কিন সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। এরপর অলিভিয়ার বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয় তাদের শুভেচ্ছাবার্তা।

কেউ লিখেছেন, ‘বার্সেলোনায় স্বাগতম রদ্রি’, কেউ আবার নতুন তারকাকে শুভেচ্ছা জানিয়ে বার্সেলোনার সমর্থকদের প্রচলিত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফলে সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম পোস্টের মন্তব্যঘর আচমকাই ফুটবলভক্তদের আড্ডায় পরিণত হয়েছে।ঘটনাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক হাসিঠাট্টা।

অবশ্য বার্সেলোনা ও অলিভিয়া রদ্রিগোর মধ্যে আগে থেকেই একটি যোগসূত্র রয়েছে। গত মে মাসে এল ক্লাসিকোর আগে বার্সেলোনার জার্সিতে ডিজিটাল মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের জায়গায় অলিভিয়া রদ্রিগোর নাম ও প্রতীক ব্যবহার করা হয়েছিল। 

বার্সেলোনা জানিয়েছিল, ক্লাবটির জার্সিতে এর আগে এড শিরান, ট্রাভিস স্কট, কোল্ডপ্লে, কারোল জি, দ্য রোলিং স্টোনস, রোজালিয়া ও ড্রেকের মতো শিল্পীদেরও বিশেষ সংস্করণ দেখা গেছে।

এর আগেও রদ্রিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিভ্রান্তি দেখা গেছে। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিতে থাকতে ব্যালন ডি’অর জেতেন তিনি। সেই সময়ও তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় কিছু সমর্থক ভুল করে অলিভিয়া রদ্রিগোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

এবার অবশ্য পরিস্থিতি একেবারেই ভিন্ন। রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার আনন্দেই সমর্থকরা ভুল করে হাজির হয়েছেন অলিভিয়ার অ্যাকাউন্টে। ফলে একজন বিশ্বকাপজয়ী ও ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে স্বাগত জানাতে গিয়ে আরেক ‘রদ্রি’র ইন্সটাগ্রামে তৈরি হয়েছে মজার এক বার্সেলোনা-উৎসব।

LEAVE A REPLY