ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  এমনটাই জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।

সংবাদমাধ্যমকে বেসেন্ট বলেন, ‘তেলের দাম কেন হঠাৎ বেড়ে গেল, তা আমি নিশ্চিত নই। আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান (কাইনেটিক) নতুন করে শুরু করার প্রয়োজন হবে না।’ তিনি ‘কাইনেটিক’ শব্দটি ব্যবহার করে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বোঝান।

আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি। বেসেন্ট আরও বলেন, এই পদক্ষেপ ইরানে কার্যকর হবে এবং ‘এই শাসনের পতন ঘটবে’। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র ও বিশ্বের অন্যান্য দেশকে ইরানের বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করার আহ্বান জানান।

ইরানের সঙ্গে ব্যবসা করা চীনকেও লক্ষ্যবস্তু করা হতে পারে কি না—জানতে চাইলে বেসেন্ট বলেন, এ ধরনের অনেক আলোচনা প্রকাশ্যে নয়, ব্যক্তিগতভাবে করাই ভালো।

তিনি আরও উল্লেখ করেন, চীনের জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। তাই ইরান ইস্যুতে চীনের যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান নেওয়াই তাদের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: দ্য ডন

LEAVE A REPLY