সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়া সফরে শেষটা মোটেই সুখকর হয়নি বাংলাদেশের। ব্যাটারদের চরম ব্যর্থতায় ইতিহাসের পাতায় নাম লিখিয়ে প্রথমবারের মতো দুই দিনে ইনিংস ও ৫১ রানে টেস্ট হেরেছে শান্তর দল।তবে শেষ ম্যাচের এমন বিষাদময় সমাপ্তির মধ্যেও লাল-সবুজের ক্রিকেটের জন্য এসেছে ঐতিহাসিক এক আনন্দের খবর। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে লাল বলের ফরম্যাটে নিজেদের সর্বকালের সেরা অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ।
আজ (রোববার) আইসিসির হালনাগাদ করা সবশেষ দলীয় টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এক লাফেই তিন ধাপ এগিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ২৬ বছরের ইতিহাসে র্যাঙ্কিংয়ের এত উঁচুতে আগে কখনো উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের মহাকাব্যিক জয় আর সিরিজ ১-১ সমতায় শেষ করার সুবাদে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট গিয়ে পৌঁছেছে ৭৮-এ। প্রথম টেস্টে অজি বধের সেই ঐতিহাসিক প্রভাবই মূলত এই বিশাল অর্জনের পথ সহজ করে দিয়েছে।
রেটিং পয়েন্টে টাইগারদের সঙ্গে পরবর্তী তিনটি দলের ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট।বাংলাদেশের উত্থানে একধাপ করে যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।










































