সংগৃহীত ছবি
ডারউইনে ইতিহাস গড়া ৯ উইকেটের জয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ। শান্ত-হাসানদের সেই ঐতিহাসিক পারফরম্যান্সে ডারউইনের বাইশ গজে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের বাহবা কুড়িয়েছিল সত্য, কিন্তু ম্যাকাইয়ে এসে দেখা গেল সম্পূর্ণ বিপরীত দৃশ্য।স্বাগতিকদের আগুনে পেসের সামনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথমবারের মতো মাত্র দুই দিনেই টেস্ট হেরে উল্টো পথে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাল টাইগাররা।
দিনের খেলার তখনো অন্তত আড়াই ঘণ্টার মতো বাকি, ঠিক তখনই দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় সফরকারীদের সব প্রতিরোধ। প্রথম ইনিংসে স্রেফ ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ ম্যাচ হেরেছে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে। ২৬ বছরের দীর্ঘ টেস্ট ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচের দুই ইনিংসে এক শ রান ছুঁতে ব্যর্থ হলো বাংলাদেশ।
২০০০ সালে আনুষ্ঠানিকভাবে টেস্ট অভিষেকের পর থেকে আজ অব্দি ১৬১টি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল, তবে দুই দিনে হার দেখার এমন অভিজ্ঞতা এই প্রথম। সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসের ২৯তম এবং অস্ট্রেলিয়ার মাটিতে এটি চতুর্থ দু’দিনে শেষ হওয়া টেস্ট।
গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় এই টেস্ট গড়িয়েছে মাত্র ৭৫০ বল, যা অজিদের মাটিতে খেলা দ্বিতীয় সর্বনিম্ন দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি (৬৫৬ বল) এখনো অজি ভূমিতে দ্রুততম টেস্ট শেষের রেকর্ড ধরে রেখেছে।











































