দেড় বছর পর কিম সু-হিউন ফিরছেন উপস্থাপক হিসেবে

দীর্ঘ বিরতির পর দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে ফিরছেন অভিনেতা কিম সু-হিউন। আগামী ১৯ সেপ্টেম্বর বুসানের এশিয়াড মেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দ্য ফ্যাক্ট মিউজিক অ্যাওয়ার্ডস’ (টিএমএ)-এ পুরস্কার উপস্থাপক হিসেবে থাকবেন তিনি।প্রায় এক বছর ছয় মাস পর এটিই হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় তার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি।

গত ২৮ আগস্ট টিএমএ আয়োজক কমিটি কিম সু-হিউনের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের পর দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন প্রকাশ্য কার্যক্রম থেকে দূরে ছিলেন এই অভিনেতা। ফলে তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের পাশাপাশি কোরীয় বিনোদন অঙ্গনেও তৈরি হয়েছে আগ্রহ।

কিম সু-হিউনের এই উপস্থিতি অবশ্য এখনই অভিনয়ে ফেরার ঘোষণা নয়। টিএমএতে তিনি শুধু পুরস্কার উপস্থাপকের দায়িত্ব পালন করবেন। নতুন কোনো সিনেমা বা নাটকে তার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘কেন বারবার শিল্পীকেই মূল্য দিতে হবে?’

প্রসঙ্গত, প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের সঙ্গে সম্পর্ক নিয়ে ২০২৫ সালে কিম সু-হিউনকে ঘিরে বিতর্ক শুরু হয়।অভিযোগ ওঠে, কিম সে-রন অপ্রাপ্তবয়স্ক থাকাকালীন তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিম সু-হিউন তার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন।

বিতর্কের মধ্যে ২০২৫ সালের মার্চে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেছিলেন কিম সু-হিউন। এরপর দক্ষিণ কোরিয়ায় তার প্রকাশ্য কার্যক্রম অনেকটাই বন্ধ হয়ে যায়। বিজ্ঞাপন ও বিনোদন জগতের বিভিন্ন কাজও এই বিতর্কের প্রভাবের মুখে পড়ে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পুলিশ কিম সু-হিউনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্কের অভিযোগে মামলা এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়াকেই এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বাইরে আবারও বিভিন্ন কার্যক্রমে দেখা যাচ্ছে কিম সু-হিউনকে। ইন্দোনেশিয়ার একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। ফিলিপাইনেও ভক্তদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার।

বিয়েবাড়িতে নেচে টাকা কামান ‘আশিকী’র অভিনেতা

এবার দেশের মাটিতেও ফিরছেন তিনি। টিএমএতে তার উপস্থিতিকে তাই দীর্ঘ বিরতির পর কিম সু-হিউনের দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে ধীরে ধীরে ফেরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২০০৭ সালে অভিনয়জীবন শুরু করেন কিম সু-হিউন। ‘ড্রিম হাই’, ‘দ্য মুন দ্যাট এমব্রেসেস দ্য সান’, ‘মাই লাভ ফ্রম দ্য স্টার’, ‘দ্য থিভস’ ও ‘কুইন অব টিয়ার্স’-এর মতো কাজের মাধ্যমে তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন।

এবার ‘দ্য ফ্যাক্ট মিউজিক অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে তার উপস্থিতি তাই ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ১৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে কিম সু-হিউনকে প্রথমবারের মতো দীর্ঘ বিরতির পর নিজ দেশের একটি বড় আয়োজনের মঞ্চে দেখা যাবে।

LEAVE A REPLY