সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘনীভূত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। আগামী ২৮ অক্টোবর (বুধবার) সকালে উপকূলে আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।এ নিয়ে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল ‘অর্ণব’। এটি বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার বিকালের মধ্যে এটি বাপাতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানামের কাছ দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে।এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার থেকে দমকা হাওয়াসহ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়টি মোকাবেলায় জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটির (এনসিএমসি) বৈঠক ডেকে প্রস্তুতি পর্যালোচনা করেছেন ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন। তিনি কর্মকর্তাদের জননিরাপত্তা নিশ্চিত করা ও দ্রুত জরুরি সেবা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকে (এনডিআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ২৪ ঘণ্টা সতর্কতা জারি রেখে নিয়ন্ত্রণ কক্ষ চালু ও প্রসূতিদের আগেভাগে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া সামলাতে প্রস্তুত রাখা হয়েছে ২৫ হাজার বৈদ্যুতিক খুঁটি। অন্যদিকে ওড়িশার ছয়টি ঝুঁকিপূর্ণ জেলায় পর্যটক ও মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে প্রস্তুতি তদারকিতে ৮ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, বিদর্ভ ও পূর্ব মধ্যপ্রদেশে আগামী দিনগুলোতে ভারি বৃষ্টি হতে পারে।
সূত্র : ইন্ডিয়া টুডে









































