তিন দশকেরও বেশি সময় পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ও সুনীল শেঠি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মোহরা’। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া রাজীব রাই পরিচালিত ছবিটি সে সময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল।এবার ছবিটির সংরক্ষিত ফোরকে সংস্করণ আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মজার বিষয়, এর ঠিক এক দিন আগেই, ৫ নভেম্বর মুক্তির কথা নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর। ফলে দুই ছবির মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
‘মোহরা’র পুনর্মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা ত্রিমূর্তি ফিল্মস প্রাইভেট লিমিটেড।ছবিটির নতুন ঝলকও প্রকাশ করা হয়েছে সংস্থাটির ইউটিউব চ্যানেলে। প্রযোজনা সংস্থার মতে, ছবির টানটান গল্প, রোমাঞ্চকর মোড় এবং জনপ্রিয় গানগুলো আবারও বড়পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন দর্শক।
নতুন ঝলকের সঙ্গে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “ক্ষমতা ও বিশ্বাসঘাতকতার প্রাণঘাতী লড়াইয়ের শিকার হতে পারে যে কেউ। গল্পের মোড়, থ্রিল আর গানগুলি উপভোগ করুন আবার, যা ‘মোহরা’কে অবিস্মরণীয় করে তুলেছিল।৩২ বছরের পূর্তি উদ্যাপনে শামিল হন। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে ৬ নভেম্বর।”
১৯৯৪ সালের ১ জুলাই প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মোহরা’। ছবিতে বিশাল অগ্নিহোত্রীর চরিত্রে অভিনয় করেন সুনীল শেঠি। স্ত্রীর হত্যার বিচার পেতে মরিয়া এক বন্দি বিশাল।সাংবাদিক রোমা সিংয়ের চরিত্রে ছিলেন রাভিনা ট্যান্ডন। তার সহায়তায় জেল থেকে মুক্তি পায় বিশাল। পরে ক্ষমতাশালী জিন্দলের হয়ে কাজ করতে শুরু করে সে। জিন্দল চরিত্রে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ।
অন্যদিকে, পুলিশ ইনস্পেক্টর অমর সাক্সেনার ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার। একের পর এক খুনের তদন্ত করতে গিয়ে বৃহত্তর ষড়যন্ত্রের সন্ধান পায় সে। প্রতিশোধ, সততা ও বিশ্বাসঘাতকতার টানাপোড়েন ঘিরেই এগিয়েছে ছবির গল্প। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রজা মুরাদ ও কুলভূষণ খরবন্দা।
‘মোহরা’র জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা ছিল এর গানগুলোর। ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘টিপ টিপ বারসা পানি’ ও ‘সুবাহ সে লেকার’—গানগুলো তিন দশক পরও শ্রোতাদের কাছে সমান পরিচিত। আনন্দ বক্সী, ইন্দীবর ও সমীরের লেখা গানগুলো ছবিটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছিল।
মুক্তির বছরেও বাণিজ্যিক সাফল্যের তালিকায় এগিয়ে ছিল ‘মোহরা’। ১৯৯৪ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা ছিল এটি। তালিকার শীর্ষে ছিল ‘হাম আপকে হ্যায় কৌন!’।
অন্যদিকে, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনের জন্য প্রায় ৯ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করা হচ্ছে।










































