কোথায় হারিয়ে গেলেন সেই অসিন, যা জানা গেল

সংগৃহীত ছবি

একসময় দক্ষিণী সিনেমা থেকে বলিউড—সবখানেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অসিন। আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে হিন্দি ছবির দর্শকদের মনেও জায়গা করে নিয়েছিলেন তিনি।বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ছবিটি। তবে একসময় অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে পরিবারকেই প্রাধান্য দেন এই অভিনেত্রী।

মাইক্রোম্যাক্সের অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ের পর থেকেই অনেকটা আড়ালে রয়েছেন অসিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাহুল।জানিয়েছেন, তাদের সাত বছর বয়সী মেয়ে অরিন রায়ন শর্মাকে এখনো মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয় না। এমনকি তাদের বাড়িতে নেই টেলিভিশনও।

রাহুলের কথায়, মেয়ের বেড়ে ওঠা ও ভাষা শেখার পেছনে অসিনের অবদান অনেক। মাত্র সাত বছর বয়সেই অরিন প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে বলে জানিয়েছেন তিনি।সেই তালিকায় রয়েছে কোরীয়, জাপানি, থাই ও চীনা ভাষাও।

মেয়ের ভাষাগত দক্ষতার কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘আমাদের মেয়ের বয়স এখন মাত্র সাত বছর। অথচ কোরীয়, জাপানি, থাই এবং চিনাসহ প্রায় ১২টি ভাষা বুঝতে এবং বলতে পারে সে। আর আমি দু’টি ভাষা বলতেই হিমশিম খাই। ইংরেজি আর হিন্দিতেই আটকে রয়েছি আমি।’

পরিবারের পরিবেশই অরিনের ভাষা শেখার আগ্রহ বাড়িয়েছে বলে মনে করেন রাহুল। তাদের বাড়িতে টেলিভিশন নেই। মেয়েকেও এখনো মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। বরং বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপরই বেশি গুরুত্ব দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘এখনো পর্যন্ত অরিনকে কোনো স্ক্রিনের সামনে বসতে দিইনি। বাড়িতে টেলিভিশন নেই, মোবাইল ফোনও ব্যবহার করতে দিই না। আমাদের বাড়িতে শুধু বই রয়েছে। মনে হয়, অরিনের স্কুলের থেকেও আমাদের বাড়িতে বেশি বই আছে।’

রাহুল আরো জানান, অরিন এখন দ্বিতীয় শ্রেণিতে পড়লেও তাদের বাড়িতে রয়েছে অষ্টম ও নবম শ্রেণির বইও। মেয়ের পড়াশোনা নিয়ে মজা করে তিনি বলেন, ‘মাঝেমধ্যে ঠাট্টা করে বলি, ওকে দশম শ্রেণির পরীক্ষাতেও বসিয়ে দেওয়া হোক। এ সবই আসলে আমাদের জীবনে অসিনের অবদান।’

একই সাক্ষাৎকারে অসিনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়েও কথা বলেছেন রাহুল। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো অসিনকে বিয়ে করা—এমনটাই মনে করেন তিনি। জীবনের নানা কঠিন পরিস্থিতিতে স্ত্রী পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন বলেও জানিয়েছেন রাহুল।

অভিনয় থেকে দূরে থাকলেও পরিবারকে ঘিরেই এখন অসিনের জীবন। আর মেয়ের বেড়ে ওঠায় তার ভূমিকার কথা তুলে ধরে স্ত্রীকে কৃতিত্ব দিলেন রাহুল।

LEAVE A REPLY