‘মহারাজা’র সিক্যুয়াল নিয়ে ফিরছেন বিজয় সেতুপতি

সংগৃহীত ছবি

২০২৪ সালে মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল বিজয় সেতুপতি ও অনুরাগ কশ্যপ অভিনীত তামিল সিনেমা ‘মহারাজা’। এবার সিনেমাটির হলিউডে পুনর্নির্মাণের খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ছবিটি।এমনকি হলিউডের অভিনেতা ম্যাথিউ ম্যাককনেহিকে রিমেকে দেখা যেতে পারে বলেও জল্পনা চলছে।

এরই মধ্যে ‘মহারাজা’র হলিউড রিমেক নিয়ে মুখ খুলেছেন বিজয় সেতুপতি। জানিয়েছেন, সেখানে অভিনয়ের সুযোগ পেলে পারিশ্রমিক ছাড়াই কাজ করতে রাজি তিনি। পাশাপাশি ‘মহারাজা ২’ নির্মাণের কথাও নিশ্চিত করেছেন অভিনেতা।

নিজের আগামী সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজয়। সেখানেই তাকে ‘মহারাজা’র হলিউড পুনর্নির্মাণ নিয়ে প্রশ্ন করা হয়। রিমেকে কারা অভিনয় করবেন, সে বিষয়ে সরাসরি কিছু না বললেও সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কথা বলেন তিনি।

বিজয় সেতুপতি বলেন, ‘নিথিলন অসাধারণ পরিচালক।ওর লেখার ধরনও খুব ভাল। সম্প্রতি আমাকে ‘মহারাজা ২’-এর গল্প শুনিয়েছে। খুব ভালো লেগেছে। প্রথমে অনেকেই ‘মহারাজা’র উপর ভরসা করেননি, কিন্তু আমি প্রথম থেকেই ছবিটিকে বিশ্বাস করেছিলাম। তবে এমন সাফল্য পাব, তা ভাবিনি।’

হলিউডে ‘মহারাজা’র পুনর্নির্মাণ প্রসঙ্গে বিজয় বলেন, ‘সম্প্রতি আমি প্রযোজককে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, ‘স্যার, শুনছি ছবিটি হলিউডে রিমেক হচ্ছে। খবরটা কি সত্যি?’ আমি এ-ও বলেছিলাম, ‘আমাকে ছবিতে একটা চরিত্র দিন, আমি বিনা পারিশ্রমিকেই অভিনয় করব। শুধু একটা চরিত্র দিলেই আমি সেখানে চলে যাব।’ এটা আমার কাছে দারুণ বিস্ময় ও আনন্দের বিষয়। আমি সবসময় হলিউডে অভিনয় করতে চেয়েছি। আমার ছবি সেখানে যাচ্ছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। এর সব কৃতিত্ব নিথিলনের।’

নিথিলন সামিনাথন পরিচালিত ‘মহারাজা’র গল্প আবর্তিত হয়েছে এক বাবাকে ঘিরে। থানায় গিয়ে ‘লক্ষ্মী’ নামের একটি ডাস্টবিন চুরির অভিযোগ করেন তিনি। প্রথমে পুলিশ ঘটনাটিকে সাধারণ চুরি হিসেবে দেখলেও তদন্ত এগোতে থাকলে তারা বুঝতে পারে, ওই অভিযোগের আড়ালে লুকিয়ে আছে আরও গুরুতর একটি ঘটনা।

২০২৪ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মহারাজা’। বাণিজ্যিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সিনেমাটির আয় ১৯৯ কোটি ২০ লাখ রুপি। পরে নেটফ্লিক্সে মুক্তির পর সিনেমাটি আরও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

LEAVE A REPLY