সংগৃহীত ছবি
‘বিগ বস’-এর মঞ্চে হঠাৎ বুক চেপে যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সালমান খান। মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে পড়লেন শোয়ের প্রতিযোগীরা।আর সেই দৃশ্যের প্রোমো ছড়িয়ে পড়তেই চিন্তায় পড়ে যান ভাইজানের ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠতে থাকে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন কি সালমান?
তবে পরে জানা যায়, পুরো ঘটনাটিই ছিল ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এর একটি অংশ। প্রোমোটি এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পরে নিজেই ব্যাখ্যা দিয়েছেন সালমান এবং প্রোমো সম্পাদনার ধরন নিয়ে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
সালমানের কথায়, ‘ঈশ্বরের কৃপায় আমার স্বাস্থ্যের কোনও সমস্যা নেই। বিগ বসের প্রোমো যেভাবে এডিট করা হয়েছে তা উচিত হয়নি। পুরো বিষয়টি এমন দেখাচ্ছে যেন আমি ঘরের মধ্যে কাজি যা করেছিল, সেটাই করছি। আমি শুধু কাজিকে বোঝাতে চেয়েছিলাম যে সে যা করেছিল তা ভুল ছিল।কারণ সে তার অসুস্থতাকে বিনোদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বিশেষ করে যখন ঘরের পনেরো জন সদস্য জানতেনই না যে সে অভিনয় করছে। ওর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। প্রোমোটি যেভাবে এডিট করা হয়েছে, তার জন্য দুঃখিত। মনে হয়, শোয়ের প্রচারে এটাই তাদের ফরম্যাট।তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’

আসলে একটি টাস্কের পরই এমন কাণ্ড ঘটিয়েছিলেন ‘বিগ বস’-এর প্রতিযোগী কাজি তৌকির। তিনি এমনভাবে ওষুধ চাইতে শুরু করেন যে, তা দেখে ঘরের অন্য সদস্যরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি দেখে ‘বিগ বস’ তাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু মেডিক্যাল রুমে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। সেখানে গিয়ে একেবারে স্বাভাবিক হয়ে যান কাজি।
পরে চিকিৎসককে তিনি জানান, তার আসলে কোনো শারীরিক সমস্যা হয়নি। পুরো ঘটনাটিই ছিল খেলার অংশ হিসেবে করা অভিনয়। দর্শকদের বিনোদন দেওয়াই ছিল তার উদ্দেশ্য।
তবে কাজির এই কাণ্ড মোটেও ভালোভাবে নেননি সালমান। তার মতে, বিনোদনের জন্য অসুস্থতার মতো বিষয়কে অভিনয়ের অংশ বানানো হলে তা অন্যদের ওপর মানসিক প্রভাব ফেলতে পারে। কারণ ঘরের ১৫ জন সদস্যই তখন কাজির অসুস্থতাকে সত্যি ভেবেছিলেন এবং তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
কাজিকে সেই বিষয়টিই বোঝাতে চেয়েছিলেন সালমান। কিন্তু প্রোমোতে তার নিজের প্রতিক্রিয়ার দৃশ্য এমনভাবে উপস্থাপন করা হয় যে, উল্টো ভক্তদের মধ্যেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে সেই বিভ্রান্তি দূর করতেই নিজের সুস্থতার খবর জানিয়ে বিষয়টি পরিষ্কার করেন ভাইজান।








































