রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচ পুড়ে গেছে। আগুন দ্রুত পুরো কোচে ছড়িয়ে যাওয়ার আলামত দেখে মনে হচ্ছে পেট্রোল বা গান পাউডার ব্যবহার করা হয়েছে।











































