রহস্য, রাজনীতি ও সুন্দরবনের অজানা জগৎ নিয়ে ফিরছে ‘ফেউ’

সংগৃহীত ছবি

ওয়েব সিরিজ ‘ফেউ’ এবার ফিরছে পূর্ণাঙ্গ গল্প নিয়ে। মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটির নতুন সংস্করণের নাম ‘ফেউ কমপ্লিট সাগা’।সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই কাল্পনিক গল্পের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মানুষের বীরগাথা। যেখানে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছে রহস্যময় চরিত্র মার্শাল। সুন্দরবনের গভীরে জড়িয়ে থাকা রাজনীতি, সংঘাত ও অধিকার আদায়ের লড়াই উঠে এসেছে পুরো সিরিজজুড়ে। এটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধীমান।আজ প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার।

টিজারে ইংরেজিতে একটি সংলাপ শোনা যায়, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের একটা নিজস্ব নিয়ম–আইন রয়েছে। সেটা ভাঙলে, তাকে সমস্যার সম্মুখীন হতে হয়।’ রহস্যময় সংলাপ আর দৃশ্যের বুননে টিজারটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কল্পকাহিনিটি লিখেছেন সুকর্ণ শাহেদ ধীমান ও রোমেল রহমান। চিত্রনাট্য করেছেন সুকর্ণ শাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ। ইতিহাস, জনপদের জীবনযাপন এবং স্থানীয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা সমীকরণ মিলিয়ে তৈরি হয়েছে রহস্যঘেরা গল্পটি। এবারের পর্বে মিলবে কাহিনির নানা অমীমাংসিত প্রশ্নের উত্তর।

প্রথম সিজন শেষ হওয়ার পর দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সুনীল কি আদৌ বেঁচে আছেন, নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন? অন্যদিকে সুন্দরবনের মৌয়াল থেকে জলদস্যু বাহিনীর সর্দার হয়ে ওঠা মার্শাল (মোস্তাফিজুর নূর ইমরান) কি পারবে নিজের অধিকার আদায় করতে? ‘ডুমুরঝাঁপি’র মানুষগুলোই বা শেষ পর্যন্ত আশ্রয় পাবে কোথায়? নির্মাতার ভাষ্য, এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি একটি নির্দিষ্ট জনপদের ভূরাজনীতির নানা অজানা দিকও স্পষ্ট হবে নতুন সিরিজে।

তবে ‘ফেউ কমপ্লিট সাগা’কে মূল সিরিজের দ্বিতীয় সিজন বলা যাচ্ছে না। নির্মাতার ব্যাখ্যা অনুযায়ী, প্রথম সিজনের কিছু অংশের সঙ্গে বাকি গল্প যুক্ত করে তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গ সংস্করণটি। প্রথম সিজনে ইতিহাস, জনপদ, সেখানকার মানুষের সংকট ও রাজনৈতিক বাস্তবতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। এবার সেসব গল্প এসে মিলবে একটি পরিণতিতে। ড্যানিয়েলের বাবার সন্ধানের পরিণতি থেকে শুরু করে মার্শালের রাজনৈতিক পরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের শেষ অধ্যায়—সবকিছুই উঠে আসবে এতে।

জানা গেছে, নয় পর্বের এই সিরিজ আগামী ১১ নভেম্বর রাত ১২টায়, অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতেই মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে। 

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রন্তিক দীপু, আমিরুল ইসলাম ও আবিদ মল্লিক। এ ছাড়া খুলনা, বাগেরহাট ও বটিয়াঘাটার শতাধিক শিল্পীও অভিনয় করেছেন সিরিজটিতে।

LEAVE A REPLY