বিরিয়ানি, পোলাও কিংবা কাবাবের সঙ্গে একটু রায়তা থাকলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। টক দইয়ের সঙ্গে শসা, পেঁয়াজ ও কয়েকটি মসলা মিশিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ।গরমের দিনে ঠান্ডা রায়তা খাবারে এনে দেয় বাড়তি স্বাদ ও স্বস্তি। খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন মজাদার রায়তা।

উপকরণ
- ১ কাপ টক দই
- ১টি মাঝারি শসা কুচি
- ১টি ছোট পেঁয়াজ কুচি
- ১টি কাঁচা মরিচ কুচি
- ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
- আধা চা-চামচ ভাজা জিরা গুঁড়া
- সামান্য বিট লবণ
- স্বাদমতো সাধারণ লবণ
- সামান্য গোলমরিচ গুঁড়া
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বাটিতে টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।দই বেশি ঘন হলে সামান্য পানি মিশিয়ে পছন্দমতো ঘনত্ব তৈরি করতে পারেন।
এবার এতে শসা, পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন। এরপর ভাজা জিরা গুঁড়া, বিট লবণ, সাধারণ লবণ ও গোলমরিচ গুঁড়া যোগ করুন।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।পরিবেশনের আগে ওপর থেকে সামান্য ধনেপাতা ও ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিতে পারেন।
ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু রায়তা। বিরিয়ানি, পোলাও কিংবা কাবাবের সঙ্গে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।









































