ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা
অফিসে দিনের বড় একটা সময় কাটে সহকর্মীদের সঙ্গে। প্রতিদিনের কাজ, আড্ডা আর গল্প করতে করতে কখন যে সহকর্মী থেকে কেউ কেউ কাছের মানুষ হয়ে ওঠেন, তা অনেক সময় টেরই পাওয়া যায় না।তখন নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, পরিবার কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার কথাও অনায়াসে বলে ফেলি। মনে হয়, মানুষটিকে তো বিশ্বাস করা যায়!
বিশ্বাস অবশ্যই করা যায়। তবে কর্মক্ষেত্রে সম্পর্ক যতই ভালো হোক, ব্যক্তিগত জীবনের কিছু দরজা নিজের জন্যই তুলে রাখা ভালো। কারণ বন্ধুত্ব আর পেশাদার সম্পর্ক এক জিনিস নয়।সময়ের সঙ্গে সহকর্মী বদলাতে পারেন, দায়িত্ব বদলাতে পারে, এমনকি সম্পর্কের সমীকরণও বদলে যেতে পারে। তখন একসময় বিশ্বাস করে বলা কথাই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রেম ও সম্পর্কের কথা
প্রেম করছেন কি না, সম্পর্ক কেমন যাচ্ছে কিংবা সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা চলছে কি না—এসব খুব ব্যক্তিগত বিষয়। ঘনিষ্ঠ সহকর্মী হলেও সম্পর্কের সব খুঁটিনাটি জানানো জরুরি নয়।ব্যক্তিগত সম্পর্কের তথ্য পরে অফিসের আড্ডা বা আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
বিয়ে ও সংসারের বিষয়
বিয়ে কবে, কেন হচ্ছে না, সংসারে কী চলছে, পরিবারের সঙ্গে কোনো সমস্যা আছে কি না—এসব প্রশ্ন যেমন ব্যক্তিগত, তেমনি নিজের পারিবারিক বিষয়ও অফিসে বিস্তারিত শেয়ার না করাই ভালো। বিশেষ করে এমন কোনো তথ্য, যা পরে অন্যের মন্তব্য বা আলোচনার কারণ হতে পারে।
সন্তান নেওয়ার পরিকল্পনা
বিয়ে হয়েছে কি না, সন্তান নেওয়ার পরিকল্পনা কী কিংবা পরিবারে এমন কোনো বিষয় আছে কি না—এসব ব্যক্তিগত সিদ্ধান্ত। সহকর্মী নিজে থেকে না বললে এ বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো ঠিক নয়।
আর্থিক বিষয়
বেতন কত, পরিবারের আর্থিক অবস্থা কেমন, ঋণ আছে কি না, কত টাকা সঞ্চয় করেন—এ ধরনের তথ্যও ব্যক্তিগত। বন্ধুত্বের জায়গা থেকে এসব আলোচনা শুরু হলেও পরে তা অপ্রয়োজনীয় তুলনা বা আলোচনার কারণ হতে পারে।
অফিসের অন্যদের নিয়ে মতামত
এক সহকর্মীর কাছে বস, সিনিয়র বা অন্য সহকর্মীকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করা সহজ মনে হতে পারে। কিন্তু কে কখন সেই কথা অন্যের কাছে বলবেন, তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই কারো অনুপস্থিতিতে বলা কথার ক্ষেত্রেও সতর্ক থাকা ভালো।
চাকরি বদলের পরিকল্পনা
অন্য কোথাও চাকরির চেষ্টা করছেন, কোথায় আবেদন করেছেন কিংবা কবে চাকরি ছাড়তে পারেন—এসব পরিকল্পনা নিশ্চিত হওয়ার আগে সবাইকে জানানো প্রয়োজন নেই। ক্যারিয়ারের সিদ্ধান্ত নিজের নিয়ন্ত্রণেই রাখা ভালো।
নিজের দুর্বলতা বা ব্যক্তিগত সংকট
জীবনের কঠিন সময়, ব্যক্তিগত সমস্যা কিংবা নিজের কোনো দুর্বলতার কথা কাছের কাউকে বললে মানসিকভাবে হালকা লাগতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে এমন তথ্য শেয়ার করার আগে একবার ভাবা ভালো—ভবিষ্যতে এটি কোনোভাবে পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে কি না।
ব্যক্তিগত নথি ও গোপন তথ্য
পাসওয়ার্ড, গুরুত্বপূর্ণ নথি, ব্যক্তিগত ছবি, আর্থিক তথ্য কিংবা প্রতিষ্ঠানের গোপন কোনো তথ্য—বিশ্বাসের সম্পর্ক থাকলেও অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়
তাহলে কি কলিগের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না?
অবশ্যই যাবে। কর্মক্ষেত্রে বন্ধুত্ব, আড্ডা ও পারস্পরিক সহযোগিতা কাজের পরিবেশকে অনেক স্বস্তিদায়ক করে তুলতে পারে। তবে বন্ধুত্ব মানেই নিজের জীবনের প্রতিটি দরজা খুলে দেওয়া নয়।
অর্থাৎ মানুষকে বিশ্বাস করুন, তবে নিজের গোপনীয়তাও রক্ষা করুন। কাউকে খারাপ ভাবা বা সবাইকে সন্দেহ করার বিষয় এটি নয়। শুধু মনে রাখা দরকার, পেশাগত সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যেতে পারে। আজ যে সহকর্মী খুব কাছের, ভবিষ্যতে তিনি হয়তো অন্য বিভাগে, অন্য প্রতিষ্ঠানে কিংবা সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় থাকবেন। তাই নিজের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ নিজের কাছেই রাখা বুদ্ধিমানের কাজ।
কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক থাকবে, বন্ধুত্বও হবে—তবে সেই বন্ধুত্বের মাঝেও কিছু সীমারেখা থাকা দরকার। কারণ সব কথা বললেই সম্পর্ক গভীর হয় না; কখন কোন কথা নিজের কাছেই রাখতে হবে, সেটিও পেশাদারির অংশ।










































