আদনান আল রাজীবের সিনেমায় নিশো-মেহজাবীন

ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন নির্মাতা আদনান আল রাজীব। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, সিনেমাটি হবে প্রেমের গল্প। তবে তখন প্রকাশ করেননি নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয়।

অবশেষে প্রকাশ্যে এলো সেই সিনেমার নাম ও অভিনয়শিল্পীদের পরিচয়।আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। বুধবার নির্মাতা ও দুই অভিনয়শিল্পীর মধ্যে সিনেমাটিতে অভিনয়ের চুক্তি সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সেখানে সিনেমার নাম প্রকাশের পাশাপাশি নিশো ও মেহজাবীনের যুক্ত হওয়ার খবর জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

May be an image of one or more people, beard and people smiling

পোস্টে আদনান আল রাজীব লিখেছেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা।
সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।”

‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই নির্মাতা।

LEAVE A REPLY