ওমানের পূর্ব উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাও হামলার শিকার হয়েছে। এ ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।জাহাজে থাকা আরো ১৯ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। একই সঙ্গে অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

বাংলাদেশি নাবিককে উদ্ধার করলেন ভারতীয় উপকূলরক্ষী
এএনআই নিউজ জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ ওমানের পূর্ব উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি।জাহাজটিতে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুঃখজনকভাবে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে থাকা ভারতের দূতাবাস পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।ভারতীয় নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছে। এ ঘটনায় সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত সরকার।

বাংলাদেশি নাবিককে উদ্ধার করলেন ভারতীয় উপকূলরক্ষী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। উত্তেজনা কমাতে এবং দ্রুত এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে আমরা আবারও সংলাপ ও কূটনীতির আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, অঞ্চলটির বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধ করতে হবে।একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল এবং বাণিজ্য দ্রুত স্বাভাবিক করতে হবে। ওমানে ভারতের দূতাবাস জানিয়েছে, তারা ওমানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আন্তর্জাতিক জলসীমায় অবাধ ও নিরাপদে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক জলপথে বাণিজ্যের নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করার আহ্বান ভারত দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে।











































