ভারতে স্লিপার বাসে আগুন, প্রাণ গেল ৯ যাত্রীর

ভারতের উত্তর প্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসে ভয়াবহ আগুন লেগে ৯ জন যাত্রী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে ঘটা এই দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, স্লিপার বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল। গভীর রাতে বেশির ভাগ যাত্রী যখন ঘুমে আচ্ছন্ন ছিল, তখন হঠাৎ বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাসটি ঘন কালো ধোঁয়ায় ভরে গেলে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

জীবিত উদ্ধার হওয়া এক যাত্রী সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে জানান, অনেকে যখন ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ আগুন লাগার চিৎকার শুনে সবার ঘুম ভাঙে।চারদিক ধোঁয়ায় এমনভাবে ঢেকে গিয়েছিল যে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। ধাক্কাধাক্কির মধ্যে কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়ে কোনোমতে প্রাণ বাঁচায়, কিন্তু অনেকেই ভেতরে আটকা পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনা করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন।তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত যাত্রীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY