‘নিঃস্ব’র শুটিংয়ে অংশ নিতে ঢাকায় ফিরছেন শাকিব

সংগৃহীত ছবি

দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরেছিলেন শাকিব খান। তবে বেশিদিন ঢাকায় থাকা হয়নি তার।কিছুদিনের বিরতি নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেতা। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন তিনি। এবার স্বল্প সময়ের সেই সফর শেষ করে দেশে ফিরছেন ঢালিউড সুপারস্টার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন শাকিব।আগামী সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা এই অভিনেতার। ঢাকায় ফিরেই ‘নিঃস্ব’ সিনেমার টিমের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

এর আগে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল শাকিবের। তবে আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।সিনেমাটির শুটিংও এখন অনিশ্চিত। ফলে ঢাকায় ফিরে আপাতত ‘নিঃস্ব’ নিয়েই ব্যস্ত সময় পার করবেন এই তারকা।

জানা গেছে, আগামী সপ্তাহে রাজধানী ঢাকাতেই ‘নিঃস্ব’র শুটিং শুরু হবে। এখানে দুই দিনের কাজ শেষে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। সেখানেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব।কলকাতায় টানা এক মাসেরও বেশি সময় ধরে সিনেমাটির শুটিং চলার কথা রয়েছে।

এদিকে ‘নিঃস্ব’ নিয়ে আরও একটি চমকের খবর পাওয়া যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল। তবে খলনায়কের চরিত্রে থাকছে বিশেষ চমক। ইতিমধ্যে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা এগিয়েছে বলেও জানা গেছে। একাধিক সূত্রও নিশ্চিত করেছে, সিনেমাটির খলনায়ক চরিত্রে বলিউডের কোনো অভিনেতাকে দেখা যেতে পারে।

LEAVE A REPLY