প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক

ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক। তবে এবার তিনি সংবাদের শিরোনামে এলেন তার দুই প্রাক্তন স্ত্রী—জেনিফার গার্নার ও জেনিফার লোপেজের প্রশংসা করে।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সী এই অভিনেতা স্পষ্ট জানান, অতীত যা-ই হোক না কেন, দুই প্রাক্তনের প্রতিই তার মনে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।

সম্প্রতি ‘ভ্যারাইটি’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রযোজনা সংস্থা ‘আর্টিস্টস ইকুইটি’ নিয়ে কথা বলছিলেন বেন অ্যাফ্লেক। আলোচনার একপর্যায়ে তারকাদের নিজস্ব ‘ব্র্যান্ড’ গড়ে তোলার বিষয়টি উঠে আসে।

অ্যাফ্লেক বলেন, ‘আজকাল শিল্পীদের শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকলে চলে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব ব্র্যান্ড ও পরিচয় গড়ে তুলতে হয়।আমি জেনিফার লোপেজ ও জেনিফার গার্নার—দুজনকেই এই জায়গায় অসাধারণ কাজ করতে দেখেছি। তারা যেভাবে নিজেদের মূল্য ও অবস্থান তৈরি করেছে তা সত্যি প্রশংসনীয়। আমি নিজে এটি কখনোই পারতাম না।’

সাক্ষাৎকারে নিজের নতুন থ্রিলার ছবি ‘অ্যানিম্যালস’ ও সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা কথা বলেন অ্যাফ্লেক।তিনি জানান, যৌথ জীবন ও অংশীদারি এত সহজ নয়। মানুষ অনেক সময় সম্পর্কে থাকা অবস্থাতেও একে অপরের কাছে কিংবা নিজের কাছে পুরোপুরি সত্যি বলতে পারে না।

দুই প্রাক্তনের সাথেই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটলেও তাদের সাথে বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেছেন এই হলিউড অভিনেতা।

LEAVE A REPLY