সংগৃহীত ছবি
জীবনের শেষ দিনগুলোতে ছোট ছেলেকে খুঁজে না পাওয়ার কষ্ট বয়ে বেড়িয়েছেন বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান। কয়েক মাস ধরে নিখোঁজ ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশলের অপেক্ষা আর শেষ হলো না।ছেলেকে একনজর দেখার আকুতি নিয়েই পৃথিবী ছেড়ে গেলেন এই অভিনেত্রী।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুধু ছোট ছেলেই নন, জীবদ্দশায় শেষবারের মতো দেখা হয়নি বড় ছেলে শাবাব নাসিম রহমানের সঙ্গেও।যুক্তরাষ্ট্রে বসবাসরত শাবাব মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর দেশে পৌঁছে মায়ের জানাজা ও দাফনের আয়োজনে অংশ নেবেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে নাসিমা খানের মরদেহ রাজধানীর একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বড় ছেলে দেশে ফেরার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকার অদূরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্নবিলাস এলাকায় বসবাস করতেন এই অভিনেত্রী। ১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে।
বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একসময় দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে পর্দায় নানা চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।জীবনের শেষ অধ্যায়ে এসে সেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে জমেছিল এক গভীর বেদনা—নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষা। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান না ঘটিয়েই বিদায় নিলেন তিনি।










































