‘আমার জীবন নিয়ে কখনো বায়োপিক হবে না’

সংগৃহীত ছবি

নিজের জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হোক, তা চান না বলিউড সুপারস্টার সালমান খান। নিজের জীবনের গল্প নিজের সঙ্গেই শেষ হবে বলে জানিয়েছেন অভিনেতা।সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’-এর প্রথম পর্বে নিজের জীবন, সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের একটি প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী কারিশমা কাপুর সালমানকে প্রশ্ন করেন, তার জীবনের গল্প নিয়ে বায়োপিক তৈরি হলে কোন পরিচালককে বেছে নেবেন তিনি? এ জন্য চারজন পরিচালকের নাম দেওয়া হয়—কবির খান, ডেভিড ধাওয়ান, সুরজ বরজাতিয়া ও সঞ্জয় লীলা বানসালি।

প্রতিটি পরিচালকের কাজের ধরন অনুযায়ী আলাদা উত্তর দেন সালমান। তার মতে, হাস্যরসাত্মক সিনেমা হলে ডেভিড ধাওয়ানকে বেছে নিতেন তিনি।বিষাদময় প্রেমের গল্পের জন্য সঞ্জয় লীলা বানসালি এবং সুন্দর প্রেমের গল্পের জন্য সুরজ বরজাতিয়াকে উপযুক্ত মনে করেন অভিনেতা। অন্যদিকে নিজের জীবনের নানা অভিজ্ঞতা থেকে তৈরি অ্যাকশনধর্মী প্রেমের গল্পের জন্য কবির খানের নাম বলেন তিনি।

তবে এসব সম্ভাবনার কথা বললেও নিজের জীবনের বায়োপিক তৈরির বিষয়ে স্পষ্ট অবস্থান জানান সালমান।তিনি বলেন, ‘আমার জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার কবর পর্যন্তই যাবে।’

অনুষ্ঠানের একই পর্বে নিজের শেষ সিনেমায় কোন অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে চাইবেন, সেই প্রশ্নও করা হয় সালমানকে। তবে অবসরের প্রসঙ্গটি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘শেষ সিনেমা এখনই হচ্ছে না, ভাই। এখনো নয়।’

LEAVE A REPLY