ত্বকে ফ্রিকেলস পড়া একটি অত্যন্ত পরিচিত বিষয়। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ফ্রিকেলস হলো ত্বকে অতিরিক্ত মেলানিন জমার কারণে তৈরি হওয়া ক্ষতিকর নয় এমন বাদামি, তামাটে বা লালচে দাগের গুচ্ছ।এটি পুরোপুরি মুছে ফেলা যায় না। তবে সঠিক পরিচর্যা ও আধুনিক চিকিৎসার মাধ্যমে এসব দাগের দৃশ্যমানতা হালকা করে রাখা সম্ভব।
সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির সংস্পর্শ এবং বংশগত কারণে ত্বকে মেলানিন উৎপাদন বেড়ে গিয়ে ফ্রিকেলস তৈরি হয়। সাধারণত মুখ, ঘাড়, বুক, বাহু ও পিঠে এগুলো বেশি দেখা যায়।চিকিৎসকদের মতে, এগুলো সাধারণ তিল থেকে ভিন্ন। তিল তৈরি হয় ত্বকের কোষ একসাথে গুচ্ছাকারে বৃদ্ধির ফলে, আর ফ্রিকেলস তৈরি হয় সূর্যের আলো ও জিনগত প্রভাবে।
ফ্রিকেলসের প্রকারভেদ:
এফিলাইডিস: এটি সাধারণ হালকা বাদামি রঙের দাগ, যা শৈশবে বেশি দেখা যায়। সাধারণত গ্রীষ্মে কড়া রোদে এগুলো গাঢ় হয় এবং শীতকালে রোদের প্রকোপ কমলে স্বাভাবিকভাবেই হালকা হয়ে যায়।
লেন্টিজিন: এগুলোকে সান স্পট বা এজ স্পট বলা হয়। বয়সের সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় রোদে থাকার কারণে এগুলো তৈরি হয় এবং এগুলো নিজে থেকে সহজে হালকা হয় না।
দৃশ্যমানতা কমানোর চিকিৎসা পদ্ধতি:
রেটিনয়েড ক্রিম: ত্বকের রঙের সমতা আনতে এবং ফ্রিকেলসের স্পষ্টতা কমাতে টপিকাল রেটিনয়েড ক্রিম ব্যবহার করা হয়। তবে সংবেদনশীল ত্বকে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করলে জ্বালাপোড়া হতে পারে।
ব্লিচিং ক্রিম: কোজিক অ্যাসিড বা হাইড্রোকুইনোনযুক্ত ব্লিচিং ক্রিম ত্বকের ফ্রিকেলস হালকা করতে সাহায্য করে।তবে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকায় এগুলো কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।
লেজার চিকিৎসা: লেজার প্রযুক্তি ত্বকের ভেতরের মেলানিনকে ভেঙে দেয়, যা শরীর প্রাকৃতিকভাবে অপসারণ করে। এটি ফ্রেকলস দূর করার অন্যতম কার্যকর চিকিৎসা পদ্ধতি।
প্রতিরোধ ও সতর্কতা:
নতুন ফ্রিকেলস তৈরি হওয়া রোধ করতে সারা বছর ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা, রোদচশমা ও টুপি পরা এবং কড়া রোদের সময় বাইরে বের হওয়া এড়ানো জরুরি। তবে ফ্রিকেলস আকৃতি, রঙ বা আকারে হঠাৎ কোনো পরিবর্তন দেখা দিলে অবিলম্বে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
আধুনিক ফ্যাশন ও সৌন্দর্যের জগতে ফ্রিকেলসকে বহুলাংশে ‘বিউটি স্পট’ বা অনন্য সৌন্দর্যের প্রতীক হিসেবেই গণ্য করা হয়। বিশ্বজুড়ে মডেলিং, ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং মেকআপ ট্রেন্ডে ফ্রিকেলসকে এখন আর কোনো ত্বকের ত্রুটি হিসেবে দেখা হয় না। বরং একে ন্যাচারাল ও ইউথফুল হিসেবে দেখা হয়। বর্তমানে ফ্রিকেলস এতটাই জনপ্রিয় যে, যাদের ত্বকে প্রাকৃতিকভাবে ফ্রিকেলস নেই, তারাও এখন মেকআপ দিয়ে বা অস্থায়ী ট্যাটু একে ‘ফেক ফ্রিকেলস’ তৈরি করছেন।
ফ্রিকেলস আপনার ত্বকের একটি স্বাভাবিক এবং চমৎকার বৈশিষ্ট্য। একে কষ্ট বা লজ্জার বিষয় না ভেবে নিজের অনন্য সৌন্দর্যের অংশ হিসেবে দেখাই সবচেয়ে সুন্দর দৃষ্টিভঙ্গি।










































