তীব্র মানসিক আঘাতের ৯ নীরব লক্ষণ

ছবি : রয়টার্স

আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের দেখে মনে হয় তারা বেশ ভালো আছেন। হাসছেন, সবার সঙ্গে কথা বলছেন, নিয়মিত কাজ করছেন, নিজের দায়িত্বও পালন করছেন।অথচ তাদের মনের ভেতরেই হয়তো জমে আছে অনেক না বলা কষ্ট। 

মানসিক আঘাত সব সময় চোখে দেখা যায় না। কেউ কাদেন, কেউ নিজের কষ্টের কথা খুলে বলেন। আবার কেউ হাসিমুখে সবকিছু সামলে নেন।বাইরে থেকে তাদের দেখে বোঝার উপায় থাকে না ভেতরে ভেতরে তারা কতটা লড়াই করছেন।

অতীতের কোনো কঠিন অভিজ্ঞতা মানুষের আচরণ, সম্পর্ক তৈরি করার ধরন, এমনকি দৈনন্দিন জীবনযাপনের ওপরও প্রভাব ফেলতে পারে। কখনো সেই প্রভাব দেখা যায় অতিরিক্ত সতর্কতায়, কখনো নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাসে, আবার কখনো সবাইকে খুশি রাখার চেষ্টায়।

তবে মনে রাখা জরুরি, এসব আচরণ দেখলেই কাউকে মানসিক আঘাতের শিকার বলে ধরে নেওয়া যায় না।মানুষের অভিজ্ঞতা ও পরিস্থিতি ভিন্ন। কিন্তু কাছের মানুষের আচরণে কিছু পরিবর্তন লক্ষ করলে তাকে বিচার না করে বোঝার চেষ্টা করা যেতে পারে। চলুন, জেনে নেওয়া যাক এমন নয়টি আচরণের কথা, যেগুলোর আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে গভীর মানসিক কষ্ট।

১. সবকিছু একাই সামলাতে চান

কিছু মানুষ আছেন, যারা যত বড় সমস্যার মধ্যেই পড়ুন না কেন, কারও সাহায্য চাইতে চান না। নিজের কষ্ট নিজের মধ্যে রেখে সবকিছু একাই সামলানোর চেষ্টা করেন।বাইরে থেকে তাদের আত্মনির্ভরশীল ও শক্ত মনের মানুষ বলে মনে হতে পারে। কিন্তু সব সময় এর পেছনে আত্মবিশ্বাস কাজ করে, এমন নয়। অতীতে প্রয়োজনের সময় কাছের মানুষের কাছ থেকে সাহায্য না পাওয়া, অবহেলার শিকার হওয়া কিংবা বিশ্বাস করে কষ্ট পাওয়ার অভিজ্ঞতা কাউকে এমন করে তুলতে পারে। তখন অন্যের ওপর নির্ভর করাকে তারা ঝুঁকিপূর্ণ মনে করেন। ধীরে ধীরে তাদের মনে এমন ধারণা তৈরি হতে পারে, নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। অন্যের কাছে সাহায্য চাইলে বরং আরো কষ্ট পেতে হতে পারে। নিজের কাজ নিজে করতে পারা অবশ্যই ভালো গুণ। কিন্তু সব সময় অন্যের সাহায্য এড়িয়ে চললে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। নিজের কষ্ট ভাগ করে নেওয়ার সুযোগও কমে যায়। আপনার পরিচিত কেউ যদি সব সমস্যার মধ্যেও সাহায্য নিতে না চান, তাহলে তাকে একগুঁয়ে বা অহংকারী ভাবার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। তাকে জোর না করে পাশে থাকার আশ্বাস দিন। মনে করিয়ে দিন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়।

২. অনুভূতি প্রকাশ করতে চান না

কিছু মানুষকে দেখে মনে হয়, কোনো কিছুতেই তাদের তেমন প্রতিক্রিয়া নেই। ভালো খবরেও খুব একটা আনন্দিত হন না, আবার দুঃখের ঘটনাতেও তাদের চোখেমুখে তেমন পরিবর্তন দেখা যায় না। এমন আচরণের অর্থ এই নয় যে তাদের অনুভূতি নেই। কখনো কখনো দীর্ঘদিনের মানসিক চাপ বা কঠিন অভিজ্ঞতার কারণে মানুষ নিজের আবেগ থেকে দূরে সরে যেতে পারেন। যখন কষ্ট সামলানো খুব কঠিন হয়ে পড়ে, তখন কেউ কেউ অনুভূতি প্রকাশ করাই বন্ধ করে দেন। তারা হয়তো মনে করেন, অনুভূতি দেখালে আরো বেশি কষ্ট পেতে হবে। তাই নিজের আবেগকে চেপে রাখাই তাদের কাছে নিরাপদ মনে হয়। এ কারণে তারা দৈনন্দিন কাজ ঠিকই করে যান, সবার সঙ্গে কথা বলেন, এমনকি হাসেনও। কিন্তু ভেতরে ভেতরে আনন্দ, দুঃখ কিংবা অন্য অনুভূতিগুলো যেন আগের মতো স্পষ্টভাবে অনুভব করতে পারেন না। এমন মানুষের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরুন। তাকে জোর করে মনের কথা বলাতে যাবেন না। বরং এমন পরিবেশ তৈরি করুন, যেখানে তিনি নিজের অনুভূতি প্রকাশ করলেও তাকে বিচার করা হবে না—এমন বিশ্বাস তৈরি হয়।আরো পড়ুন

উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৩. সব সময় বিপদের আশঙ্কায় থাকেন

কোনো ঘরে ঢুকেই চারপাশে ভালো করে তাকানো, সামান্য শব্দেও চমকে ওঠা কিংবা অন্যের আচরণের ছোট পরিবর্তনও খেয়াল করা—কিছু মানুষের মধ্যে এমন প্রবণতা দেখা যায়।  পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তারা যেন সব সময় সতর্ক থাকেন। কখন কী ঘটে যায়, সেই আশঙ্কায় তাদের মন শান্ত হতে চায় না। মনোবিজ্ঞানে এ ধরনের অতিরিক্ত সতর্ক অবস্থাকে বলা হয় ‘হাইপারভিজিল্যান্স’ (Hypervigilance)। অতীতের ভয়ংকর অভিজ্ঞতা, দীর্ঘদিনের অনিরাপত্তা কিংবা মানসিক আঘাতের সঙ্গে কখনো কখনো এর সম্পর্ক থাকতে পারে। যারা দীর্ঘদিন অনিরাপদ পরিবেশে থেকেছেন, তাদের কাছে চারপাশের সবকিছু খেয়াল রাখা একসময় নিজেকে রক্ষা করার উপায় হয়ে উঠতে পারে। পরে নিরাপদ পরিবেশেও সেই অভ্যাস থেকে যেতে পারে। ফলে বাইরে থেকে শান্ত মনে হওয়া কোনো জায়গাতেও তারা স্বস্তি অনুভব করতে পারেন না। সব সময় সতর্ক থাকতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এমন কাউকে অকারণে ভয় পাচ্ছেন বা বেশি ভাবছেন বলে উপহাস না করে তার অস্বস্তিকে গুরুত্ব দিন। তাকে আশ্বস্ত করুন, তবে তার ভয়কে তুচ্ছ করবেন না। নিরাপদ বোধ করার জন্য সময় ও সহায়তা—দুটিই প্রয়োজন হতে পারে।আরো পড়ুন

উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৪. সবাইকে খুশি রাখতে চান, বারবার ক্ষমা চান

কিছু মানুষ আছেন, যারা সামান্য বিষয়েও বারবার বলেন, ‘দুঃখিত’। নিজের কোনো দোষ না থাকলেও ক্ষমা চান। আবার কারও মন খারাপ হতে পারে—এই আশঙ্কায় নিজের ইচ্ছা বা মতামত প্রকাশ করতেও দ্বিধা করেন। অন্যদের খুশি রাখার এই প্রবণতাকে অনেক সময় ‘পিপল প্লিজিং’ (People pleasing) বলা হয়। কখনো কখনো এমন আচরণের পেছনে থাকে প্রত্যাখ্যাত হওয়ার ভয়। ছোটবেলা থেকে যদি কেউ শিখে থাকেন যে অন্যদের অসন্তুষ্ট করলে বকাঝকা, অবহেলা কিংবা শাস্তির মুখে পড়তে হয়, তাহলে বড় হয়েও তিনি সবার মন জুগিয়ে চলার চেষ্টা করতে পারেন। তার কাছে অন্যকে খুশি রাখা শুধু ভালো ব্যবহার নয়, বরং সম্পর্ক টিকিয়ে রাখার একটি উপায় হয়ে দাঁড়ায়। এ কারণে নিজের প্রয়োজনকে গুরুত্ব দিতে পারেন না। অন্যের সঙ্গে মতের অমিল হলে অস্বস্তি বোধ করেন। কেউ রাগ করলে মনে হতে পারে, সম্পর্ক বুঝি শেষ হয়ে যাবে। এমন মানুষের মনে রাখা দরকার, সবাইকে সব সময় খুশি রাখা সম্ভব নয়। সুস্থ সম্পর্কে নিজের মতামত প্রকাশ করা, প্রয়োজনে ‘না’ বলা এবং নিজের সীমারেখা বজায় রাখারও জায়গা থাকে। কাছের কেউ এমন আচরণ করলে তাঁকে নিজের কথা বলতে উৎসাহ দিন। বোঝান, মতের অমিল হলেই সম্পর্ক নষ্ট হয়ে যায় না।

দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের অবরোধ

৫. অন্যকে সহজে বিশ্বাস করতে পারেন না

সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি হতে সময় লাগে। কিন্তু অতীতে কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেলে কাউকে বিশ্বাস করা আরো কঠিন হয়ে উঠতে পারে। এমন মানুষ নিজের ব্যক্তিগত কথা সহজে কাউকে বলতে চান না। নিজের দুর্বলতা, ভয় কিংবা কষ্টের অভিজ্ঞতা গোপন রাখেন। এমনকি যারা সত্যিকার অর্থে তাঁদের যত্ন নেন, তাদের কাছেও পুরোপুরি মনের কথা খুলে বলতে পারেন না। বাইরে থেকে সম্পর্কটি ঘনিষ্ঠ মনে হলেও ভেতরে ভেতরে তারা একটি দূরত্ব বজায় রাখেন। যেন প্রয়োজনে সহজেই নিজেকে গুটিয়ে নিতে পারেন। বিশেষ করে ছোটবেলায় অবহেলা, বিশ্বাসভঙ্গ কিংবা পরিত্যক্ত হওয়ার অভিজ্ঞতা থাকলে কারও কারও মধ্যে এমন প্রবণতা তৈরি হতে পারে। তারা হয়তো মনে করেন, কাউকে বেশি কাছে আসতে দিলে আবারও কষ্ট পেতে হবে। এ ধরনের মানুষের কাছে বারবার নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার চেয়ে ধারাবাহিকভাবে ভালো আচরণ করা বেশি গুরুত্বপূর্ণ। কথা ও কাজের মধ্যে মিল রাখা, ব্যক্তিগত বিষয় গোপন রাখা এবং তাদের সীমারেখাকে সম্মান করা বিশ্বাস তৈরিতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, কাউকে বিশ্বাস করতে শেখানোর জন্য চাপ দেওয়া যায় না। তাকে নিজের গতিতে এগোতে দেওয়াটাও যত্নের অংশ।

৬. সামান্য ঘটনায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান

কেউ হয়তো একটু জোরে কথা বললেন, একটি মন্তব্য করলেন কিংবা আগে থেকে ঠিক করা পরিকল্পনা বাতিল করলেন। অন্যদের কাছে বিষয়টি সাধারণ মনে হলেও কেউ কেউ এতে হঠাৎ খুব কষ্ট পেতে পারেন, রেগে যেতে পারেন কিংবা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। কখনো কখনো বর্তমানের কোনো ঘটনা অতীতের কষ্টদায়ক অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। ফলে মানুষটি শুধু বর্তমান পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখান না, তার পুরোনো অনুভূতিগুলোও জেগে ওঠে। যেমন, কারও উচ্চ স্বরে কথা বলা অতীতের কোনো ভয়ংকর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিতে পারে। আবার কাছের কেউ হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলে পরিত্যক্ত হওয়ার পুরোনো ভয় ফিরে আসতে পারে। এ কারণে প্রতিক্রিয়াটি অন্যদের কাছে অতিরিক্ত মনে হলেও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটি বাস্তব ও তীব্র হতে পারে। অবশ্য সব আবেগপ্রবণ প্রতিক্রিয়ার পেছনে অতীতের মানসিক আঘাত থাকে না। ক্লান্তি, মানসিক চাপ কিংবা অন্য সমস্যাও এর কারণ হতে পারে। তাই কাউকে ‘অতিরিক্ত নাটক করছেন’ বলে উড়িয়ে না দিয়ে তার অনুভূতিটা বোঝার চেষ্টা করুন। শান্তভাবে জানতে চাইতে পারেন, কোন বিষয়টি তাকে কষ্ট দিয়েছে। তার কথা মন দিয়ে শুনুন, তবে নিজের সীমারেখাও বজায় রাখুন।

৭. পরিবার বা অতীতের কথা এড়িয়ে চলেন

পরিবারের কথা উঠলেই কেউ প্রসঙ্গ বদলে ফেলেন। শৈশবের স্মৃতি নিয়ে জানতে চাইলে সংক্ষিপ্ত উত্তর দেন। আবার কেউ হয়তো অতীতের কোনো ঘটনা নিয়ে কথা বলতেই চান না। এর পেছনে নানা কারণ থাকতে পারে। কারও পারিবারিক অভিজ্ঞতা সুখের, কারও আবার বেদনাদায়ক। অবহেলা, নির্যাতন, পারিবারিক দ্বন্দ্ব কিংবা প্রিয়জনকে হারানোর স্মৃতি কারও জন্য কষ্টের কারণ হতে পারে। কখনো এসব অভিজ্ঞতা নিয়ে কথা বলার মতো মানসিক প্রস্তুতি থাকে না। আবার কেউ নিজের ব্যক্তিগত জীবন অন্যের সঙ্গে ভাগ করে নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই কেউ অতীতের কথা বলতে না চাইলে তাকে জোর করা ঠিক নয়। বারবার প্রশ্ন করা কিংবা নিজের মতো করে তার অভিজ্ঞতার ব্যাখ্যা দাঁড় করানোও উচিত নয়। বরং তাকে বোঝান, তিনি চাইলে কথা বলতে পারেন, আবার না চাইলে সেটিও গ্রহণযোগ্য। কখন, কতটুকু এবং কার সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে। কখনো কখনো চুপচাপ পাশে থাকাটাই অনেক বড় সহায়তা।

৮. অন্যের অনুভূতি সহজেই বুঝতে পারেন

মানসিক কষ্টের অভিজ্ঞতা রয়েছে এমন কিছু মানুষ অন্যের অনুভূতির প্রতি খুব সংবেদনশীল হয়ে ওঠেন। কারও মুখের অভিব্যক্তি, কথা বলার ধরন কিংবা আচরণের সামান্য পরিবর্তন দেখেই তারা বুঝতে পারেন, কিছু একটা ঠিক নেই। বিশেষ করে যারা ছোটবেলায় অনিশ্চিত বা অস্থিতিশীল পরিবেশে বড় হয়েছেন, তাদের কেউ কেউ আশপাশের মানুষের মেজাজ বুঝে চলতে অভ্যস্ত হয়ে পড়েন। কখন কার মন খারাপ, কে রেগে আছেন কিংবা কখন পরিস্থিতি খারাপ হতে পারে—এসব বোঝার চেষ্টা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বড় হওয়ার পরও সেই অভ্যাস থেকে যেতে পারে। ফলে তারা অন্যের কষ্ট সহজে বুঝতে পারেন এবং অনেক সময় সহানুভূতির সঙ্গে পাশে দাঁড়ান। এটি অবশ্যই একটি মূল্যবান গুণ। তবে সব সময় অন্যের অনুভূতির দিকে নজর রাখতে গিয়ে তারা নিজের প্রয়োজন ভুলে যেতে পারেন। অন্যের মন খারাপ হলে নিজেরও খারাপ লাগে, সবাইকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কিংবা অন্যের সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করেন। তাই যারা সব সময় অন্যদের অনুভূতি বোঝার চেষ্টা করেন, তাদেরও নিজের যত্ন নেওয়া প্রয়োজন। অন্যকে সাহায্য করার পাশাপাশি নিজের বিশ্রাম, মানসিক শান্তি ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেওয়া জরুরি।

৯. কষ্টের কথা বলতে গিয়ে রসিকতার আশ্রয় নেন

কেউ কেউ নিজের জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোও হাসতে হাসতে বলে ফেলেন। কখনো তীক্ষ্ণ রসিকতা করেন, কখনো ব্যঙ্গের আশ্রয় নেন। শুনে মনে হয়, বিষয়গুলো তাদের কাছে খুব একটা গুরুতর নয়। কিন্তু সব সময় হাসির অর্থ আনন্দ নয়। কখনো কখনো হাসি হয়ে ওঠে কষ্ট সামলানোর একটি উপায় (Coping Mechanisms)। কঠিন অভিজ্ঞতা নিয়ে রসিকতা করলে মানুষ সেই ঘটনার সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব তৈরি করতে পারেন। যে বিষয়টি একসময় তাকে অসহায় করে তুলেছিল, সেটি নিয়ে নিজের মতো করে কথা বলার সুযোগও পান। বিশেষ করে যারা ছোটবেলায় কাদলে উপহাসের শিকার হয়েছেন কিংবা নিজের কষ্ট প্রকাশ করে সমর্থন পাননি, তাদের কারও কারও কাছে হাসির আড়ালে অনুভূতি লুকিয়ে রাখাই সহজ মনে হতে পারে। তবে কালো রসিকতা বা ব্যঙ্গ করলেই যে কেউ মানসিক কষ্ট লুকাচ্ছেন, তা নয়। অনেকের কাছে এটি নিছক রসবোধ কিংবা সামাজিক যোগাযোগের একটি ধরন। তাই কারও রসিকতাকে অকারণে বিশ্লেষণ না করে তার আচরণের সামগ্রিক ধরন বোঝার চেষ্টা করুন। তিনি কখনো নিজের কষ্টের কথা বলতে চাইলে যেন নিশ্চিন্তে বলতে পারেন, সেই সুযোগ তৈরি করে দিন।

মানুষের মনের কষ্ট সব সময় প্রকাশ্যে আসে না। কেউ সাহায্য চান না, কেউ অনুভূতি লুকিয়ে রাখেন, কেউ আবার হাসি-রসিকতার আড়ালে নিজের কষ্ট ঢেকে রাখেন। তাঁদের আচরণের পেছনে থাকতে পারে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের মানসিক চাপ কিংবা এমন কোনো ব্যক্তিগত কারণ, যা আমরা জানি না। তবে এই নয় যে এমন আচরণ দেখলেই কাউকে মানসিক আঘাতের শিকার বলে চিহ্নিত করতে হবে। একই আচরণের পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। তাই অনুমান করে সিদ্ধান্তে পৌঁছানোর চেয়ে মন দিয়ে শোনা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ।
 

LEAVE A REPLY