মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেখানেই তা ভেঙে এমবাপ্পের ইতিহাস

ছবি : রয়টার্স

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়া এক অনন্য রাতের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এক ম্যাচেই জোড়া কীর্তি গড়ে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসে।এই রাতে তিনি ভেঙেছেন কিংবদন্তি লিওনেল মেসির এক দশকের পুরনো রেকর্ড। 

রোমার মাঠে বুধবার রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এ দিন কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে মাঠে নামার মাধ্যমেই নিজের ক্যারিয়ারের শততম (১০০তম) চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ২৭ বছর বয়সী এমবাপ্পে।

মাত্র ২৭ বছর বয়সে টুর্নামেন্টে শততম ম্যাচ খেলার এই কীর্তি গড়ে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে।এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষে ২৮ বছর বয়সে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গলেছিলেন মহাতারকা মেসি। এক দশক পর একই প্রতিপক্ষের বিরুদ্ধে, একই মাঠে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন এমবাপ্পে।

নিজের এই ঐতিহাসিক শততম ম্যাচটিকে গোল করে স্মরণীয়ও করে রেখেছেন ফরাসি তারকা। প্রথমার্ধেই দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি।এটি ছিল ইউরোপসেরার মঞ্চে এমবাপ্পের ৭২তম গোল। আর এই গোলের ওপর ভর করেই রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেজকে পেছনে ফেলে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর জার্সিতে মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ঘটেছিল এই ফরাসি ফরোয়ার্ডের। গত মৌসুমেও ১৫টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি। এমনকি অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের অনন্য নজিরও রয়েছে তার ঝুলিতে।

LEAVE A REPLY