প্রায় ৪ বছর পর ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের গোধূলিলগ্নে আছেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছর বয়সী পেসারের তাই বলটা শিকেয় তুলে রাখার সময় হয়েছে।সঙ্গে যদি যোগ হয় প্রায় ৪ বছর ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়া।
তবে সবকিছুকেই বুড়ো আঙুল দেখালেন ভুবনেশ্বর। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছেন ভারতীয় পেসার।সিরিজটি শুরু হবে আগামী ২২ অক্টোবর।
জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারের মতোই ২০২২ সালে প্রতিপক্ষের মাঠ নেপিয়ারে। তবে মাঠে নামতে এক সপ্তাহের মতো অপেক্ষা করতে হচ্ছে না ভুবনেশ্বরকে।ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া সিরিজের আগেই সুযোগ পাচ্ছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটি থেকে ছিটকে গেছেন আর্শদীপ সিং। বাঁহাতি পেসারের পরিবর্তে পঞ্চম ম্যাচে তাকে নিয়েছে ভারত। ২-২ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।
গত ২০২৫ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলছেন ভুবনেশ্বর।ফ্র্যাঞ্চাইজিটির ঘরের মাঠ বেঙ্গালুরু। এই মাঠ তাই হাতের তালুর মতোই পরিচিত তার। বেঙ্গালুরুকে সর্বশেষ দুইবারের আসরে চ্যাম্পিয়ন করতেও রেখেছেন অনন্য অবদান। গেল আসরে কাগিসো রাবাদার (২৯) পর সর্বোচ্চ ২৮ উইকেট ছিল তার। বিপরীতে ২০২৫ আসরে নিয়েছিলেন ১৭ উইকেট।
সিরিজ নির্ধারণী ম্যাচে তাই জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষা ফুরাতে পারে ভুবনেশ্বর কুমারের। দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে পরিচিত মাঠ বলে কথা! তবে বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে ফিরতে পারবেন কি না সেটা নির্ভর করছে কোচ গৌতম গম্ভীরের ওপর।








































