দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও নানা অজানা গল্প সামনে এনেছে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। এবার পর্দা নামতে চলেছে অনুষ্ঠানটির নবম ও শেষ মৌসুমের।আর সেই বিদায়পর্বকে স্মরণীয় করে রাখতে অতিথি তালিকায় বলিউডের একঝাঁক তারকাকে রাখার পরিকল্পনা করেছেন সঞ্চালক করণ জোহর। তালিকার সবচেয়ে বড় চমক, শেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে শাহরুখ খানকে।
১৪ অক্টোবর থেকে শুরু হয়েছে এই সিজনের। উদ্বোধনী পর্বে করণের মুখোমুখি হন সালমান খান।ভারতীয় বিনোদনমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ সিজনে বলিউডের প্রথম সারির তারকাদের পাশাপাশি দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ ও নতুন প্রজন্মের শিল্পীদেরও দেখা যাবে।
শেষ পর্বে শাহরুখ, সঙ্গে সুহানা?
২০০৩ সালে ‘কফি উইথ করণ’-এর যাত্রা শুরু হয়েছিল শাহরুখ খান ও কাজলের উপস্থিতিতে। প্রথম পর্বেই তাদের খুনসুটি, হাস্যরস ও খোলামেলা কথাবার্তা দর্শকদের আকৃষ্ট করেছিল। দুই দশকেরও বেশি সময় পর অনুষ্ঠানের শেষ পর্বেও শাহরুখকে রাখার পরিকল্পনা সেই যাত্রারই এক বৃত্তপূরণ হতে চলেছে।
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে নির্মিত অনুষ্ঠানের সেটে ইতিমধ্যে শাহরুখের পর্বের কিছু অংশ ও প্রচারণামূলক ভিডিও ধারণ করা হয়েছে। তবে এবার তার সঙ্গে কাজল থাকছেন না বলেই জানা গেছে। বরং দ্রুত প্রশ্নোত্তর পর্বে শাহরুখের সঙ্গে ছেলে আরিয়ান খান অথবা মেয়ে সুহানা খানের কাউকে দেখা যেতে পারে। সূত্রের দাবি, আসন্ন সিনেমা ‘কিং’-কে ঘিরে আগ্রহ বাড়াতে সুহানাকে সঙ্গে রাখার পক্ষপাতী শাহরুখ নিজেই।
এক মঞ্চে কারিনা-সাইফ, কিয়ারা-সিদ্ধার্থ
শেষ মৌসুমে তারকাদের জুটিভিত্তিক কয়েকটি পর্বও থাকছে বলে জানা গেছে।সেই তালিকায় রয়েছেন কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। একসঙ্গে অনুষ্ঠানে হাজির হতে পারেন তারা। এ ছাড়া মা-বাবা হওয়ার অপেক্ষায় থাকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রাকেও দেখা যেতে পারে একই পর্বে। অনুষ্ঠানে কিয়ারা প্রথমবারের মতো তার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের শারীরিক পরিবর্তন তুলে ধরতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ মৌসুমে থাকছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাও। আলিয়া ভাট হাজির হবেন বোন শাহিন ভাটকে সঙ্গে নিয়ে; স্বামী রণবীর কাপুরকে নিয়ে নয়। অন্যদিকে, জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার একসঙ্গে উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ডিম্পল কাপাডিয়াকেও দেখা যেতে পারে, সম্ভবত মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে।
পরিচালকদেরও আনার চেষ্টা
শুধু অভিনয়শিল্পী নন, শেষ মৌসুমে ভারতীয় সিনেমার কয়েকজন আলোচিত নির্মাতাকেও অতিথি করার চেষ্টা চলছে। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণী সিনেমার খ্যাতিমান পরিচালক এস এস রাজামৌলি। করণ জোহর চাইছেন, রাজামৌলির সঙ্গে তার আসন্ন সিনেমা ‘বারাণসী’র অভিনেতা মহেশ বাবুকেও একই পর্বে রাখতে।
এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির সঙ্গেও আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তার সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার দুই অভিনেতা রণবীর কাপুর অথবা ভিকি কৌশলের কাউকে দেখা যেতে পারে।
শেষ মৌসুমে এক ডজনেরও বেশি পর্ব থাকতে পারে বলে জানা গেছে। তবে অতিথিদের কয়েকটি জুটি ও পর্ব এখনো চূড়ান্ত হয়নি। দুই দশকেরও বেশি সময়ের যাত্রা শেষ করার আগে করণ জোহর তার জনপ্রিয় অনুষ্ঠানকে তারকাখচিত বিদায় দিতে চাইছেন—এমনটাই ইঙ্গিত দিচ্ছে অতিথি তালিকা নিয়ে প্রকাশিত প্রতিবেদন।









































