দীর্ঘ এক যুগের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েলের। রেমো ডিসুজার নতুন ছবি ‘এনি বডি ক্যান ড্রিম’ এর শুটিং শুরু করেছেন তিনি।একসময় যে ফ্র্যাঞ্চাইজির সিনেমায় পার্শ্বচরিত্রে ছিলেন, এবার সেই নাচনির্ভর ধারার নতুন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাঘব। নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা বলেও এটিকে উল্লেখ করেছেন তিনি।
১৫ অক্টোবর ইনস্টাগ্রামে শুটিং শুরুর খবর জানিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন রাঘব। তিনি জানান, প্রায় ১২ থেকে ১৩ বছর আগে এমন একটি সুযোগের স্বপ্ন দেখেছিলেন।একসময় যে ফ্র্যাঞ্চাইজিতে অন্যদের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন, এখন সেই ধারার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে পারাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি।
রাঘব তার পোস্টে লেখেন, ‘যে ফ্র্যাঞ্চাইজিতে একসময় আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতাম, আজ সেই ফ্র্যাঞ্চাইজির সিনেমায় আমি প্রধান চরিত্রে—বিষয়টি আরো জাদুকরী করে তুলেছে।’ ছবিতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন অভিনেতা। তার আশা, নাচের সিনেমায় দর্শক আগে যা দেখেছেন, তার চেয়ে ভিন্ন ধরনের অভিনয় উপহার দিতে পারবেন তিনি।পোস্টের শেষে ‘জিন্দেগি জিন্দাবাদ’ লিখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাঘব।
এর আগে রেমো ডিসুজা পরিচালিত ‘এবিসিডি ২’ সিনেমায় অভিনয় করেছিলেন রাঘব। ওই ছবিতে বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরও ছিলেন। এবার একই নাচনির্ভর ধারায় প্রধান চরিত্রে ফিরছেন তিনি। ফলে তার অভিনয়জীবনে নতুন এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে।
‘এনি বডি ক্যান ড্রিম’-এর মাধ্যমে রেমো ডিসুজার সঙ্গে আবারও কাজ করছেন রাঘব। সিনেমাটির মুক্তির তারিখ ও অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে বিস্তারিত তথ্যও এখনো প্রকাশ করা হয়নি।









































