সংগৃহীত ছবি
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিংকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্রের সাইবার পুলিশ। দিল্লির একটি কনসার্টে যৌনতা নিয়ে ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শুক্রবার (১৬ অক্টোবর) তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হন ৪৩ বছর বয়সী এই গায়ক।এর আগে তিনবার তলব করা হলেও তিনি হাজির হননি। চতুর্থবার তলবের পর তার বক্তব্য রেকর্ড করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লির ওই কনসার্টে হানি সিংয়ের কথিত আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন তিনি।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা এ বিষয়ে সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে তিনবার তলব করা হলেও বিদেশে থাকার কারণ দেখিয়ে হাজির হননি হানি সিং।সর্বশেষ ১৬ অক্টোবর তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি ২২ অক্টোবর পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে তা নাকচ করে দেয় পুলিশ।
নির্ধারিত সময়ে হাজির না হলে তার বিরুদ্ধে দেশত্যাগে বাধা দেওয়ার লক্ষ্যে সতর্কতামূলক নোটিশ জারির প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হন গায়ক। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান তিনি।
কনসার্টের ভিডিও নিয়ে বিতর্ক শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান হানি সিং। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেছিলেন, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে—এমন ব্যাখ্যা দেন তিনি।
নিজের বক্তব্য প্রকাশের ধরন যথাযথ ছিল না বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এই সংগীতশিল্পী। কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।
কনসার্টের মন্তব্য নিয়ে তদন্তের মধ্যেই হানি সিং ও বাদশাহর সঙ্গে সংশ্লিষ্ট পুরোনো গান ‘ভলিউম ওয়ান’ নিয়েও আইনি জটিলতার মুখে পড়েন গায়ক। চলতি বছরের ২ এপ্রিল দিল্লি হাইকোর্ট গানটির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ও ফাইল আদান-প্রদানের বিভিন্ন মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন।
আদালত গানটির কথাকে অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন। শিল্পীর স্বাধীনতা কিংবা মতপ্রকাশের অধিকারের দোহাই দিয়ে এ ধরনের বিষয়কে গ্রহণযোগ্য করা যায় না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
গানটি নিয়ে বিতর্কের সূত্রপাত আরও আগে। ২০২৫ সালের মার্চে দিল্লির একটি কনসার্টে গানটির কিছু অংশ পরিবেশনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। পরে ওই বছরের মে মাসে এ বিষয়ে হানি সিংয়ের কাছে হলফনামাও চেয়েছিলেন আদালত।
‘ব্রাউন রং’, ‘লুঙ্গি ড্যান্স’ ও ‘দেশি কালাকার’-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত হানি সিং এক দশকের বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতে আলোচিত নাম। তবে সাম্প্রতিক অভিযোগ ও আইনি পদক্ষেপের কারণে তার গান এবং প্রকাশ্য বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দিল্লির কনসার্টে করা মন্তব্যের অভিযোগে পুলিশের তদন্ত এখনো চলছে।










































