মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে গহনার চুরির অভিযোগে দুই নারীসহ এক যুবককে আটকের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলো- কক্সবাজার সদর উপজেলার হাজিপাড়া গ্রামের আব্দুস সালাম জমশেদ আলী ওরফে মনু মিয়া ছেলে জাবেদ ওরফে জারিফ হোসেন (২৮), একই জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কাপাড়া গ্রামের শাহা আলমের মেয়ে সাগরিকা বেগম ওরফে আফসানা (২৬) ও তারই আপন বোন সফিকা বেগম ওরফে সামিয়া আক্তার (২২)। তাদের কাছ থেকে চুরি হওয়া ৩৯ ভরি রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ২৬ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্সের মালিক বাবুল মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ৯টার সময় দোকান খুলে সিন্দুক থেকে স্বর্ণ ও রুপার অলংকার বের করে সাজানোর জন্য সুকেজের ওপরে রাখি।দোকান খোলার ১৫ মিনিট পর পৌনে ১০টার দিকে দুজন নারী ও এক যুবক এসে স্বর্ণের কানের দুল দেখতে চায়। তখন আমি কানের দুল বের করে দিয়ে স্বর্নালংকার সুকেজের মধ্যে সাজাতে থাকি। কিছুক্ষণ পর কানের দুল পছন্দ হয়নি বলে সুকেজের ওপরে থাকা ৩৯ ভরি ওজনের রুপার তৈরি ১০ জোড়া নুপুর ও একটি মাথার কাটা চুরি করে অটোরিকশাযোগে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে দোকানের ম্যানেজার মজিবর রহমান মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করে এবং চারিগ্রাম বাজারের তিন রাস্তার মোড় এলাকায় অটোরিকশা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করতে সক্ষম হন।এসময় তাদের দেহ তল্লাশি করে চুরি হওয়া ৩৯ ভরি ওজনের রুপার অলংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় আটক জাবেদ ওরফে জারিফ হোসেন, সাগরিকা বেগম ওরফে আফসানা ও সফিকা বেগম ওরফে সামিয়া আক্তারকে আসামি করে থানায় মামলা করেছেন জুয়েলার্সের মালিক বাবুল মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন তারা।মঙ্গলবার সকালে রিমাণ্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।










































