দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফুটবল ইভেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। গ্রুপ ‘এ’-এর এই হাই-ভোল্টেজ ম্যাচটি বিকেল ৫টায় শুরু হয়।
ফুটবলপ্রেমীদের কাছে এই ম্যাচটি কেবলই একটি খেলা নয়, বরং মাঠের শ্রেষ্ঠত্ব ও প্রাতিষ্ঠানিক গৌরবের লড়াই। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী এই দুই দলের ফুটবল দ্বৈরথকে ঘিরে ইতিমধ্যেই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা ও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ড্যাফোডিল ইউনিভার্সিটি ৯৪ রানের বিশাল জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে, যা তাদের ফুটবল দলের আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দেবে। অন্যদিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফুটবলাররাও কিংস অ্যারেনার বিশ্বমানের মাঠে সেরাটা ঢেলে দিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিতে চান।
১০টি বিশ্ববিদ্যালয়ের এই আসরে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই সমানে-সমান গুরুত্বপূর্ণ। আজকের এই রোমাঞ্চকর ফুটবল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস।










































