সংগৃহীত ছবি
বলিউডের ‘কিং’ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ এক উৎসব। প্রিয় তারকার জন্মদিন উদযাপন করতে এবারও মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো ভক্ত।মধ্যরাত থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। একনজর প্রিয় তারকাকে দেখার আশায় ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা অনুরাগীরা। ভক্তদের এই অকৃত্রিম ভালোবাসায় সাড়া দিয়েছেন শাহরুখও। নিজের চিরচেনা আইকনিক ভঙ্গিতে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।
সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা দিয়েছেন বলিউড বাদশাহ। জন্মদিন উপলক্ষে ‘মান্নাত’-এর সামনে সাজানো হয় নানা রঙের পোস্টার ও ব্যানার। সেখানেই ভক্তদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দেন অভিনেতা। লেখেন, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
শাহরুখের জন্মদিনের উদযাপন অবশ্য শুধু ‘মান্নাত’-এর সামনেই সীমাবদ্ধ ছিল না। প্রিয় তারকার বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের সি লিংকও।ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কেটে, ব্যানার-ফেস্টুন সাজিয়ে এবং নানা আয়োজনে উদযাপন করেন দিনটি। অন্যদিকে, ‘মান্নাত’-এর সামনে উপচেপড়া ভিড় সামাল দিতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।
এবারের জন্মদিনে শাহরুখকে ঘিরে বাড়তি উন্মাদনার অন্যতম কারণ তার আসন্ন সিনেমা ‘কিং’। বিশেষ দিনটিকে উপলক্ষ করে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে পর্দায় রোমান্টিক আবহে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারগুলোতেও ছিল শাহরুখ ও তার নতুন সিনেমা ঘিরে নানা উচ্ছ্বাসের প্রকাশ। কোথাও লেখা, ‘হ্যাপি বার্থডে কিং’, কোথাও আবার ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে কিং’। আরেকটি পোস্টারে ছিল ‘কিং একাই যথেষ্ট’ বার্তা। সিনেমার সংলাপের আদলে তৈরি এসব পোস্টারে ফুটে ওঠে প্রিয় তারকার প্রতি ভক্তদের আবেগ ও ভালোবাসা।
দীর্ঘ তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। অভিনয়, রোমান্স আর নিজস্ব স্টাইল দিয়ে তৈরি করেছেন আলাদা এক পরিচয়। বয়সের ৬১তম বসন্তে এসেও তার প্রতি ভক্তদের ভালোবাসায় যে এতটুকু ভাটা পড়েনি, ‘মান্নাত’-এর সামনে হাজারো মানুষের উপস্থিতি যেন তারই প্রমাণ। আর সেই ভালোবাসার জবাবে চিরচেনা ভঙ্গিতে শাহরুখের হাত বাড়িয়ে দেওয়া—ভক্তদের কাছে জন্মদিনের অন্যতম বিশেষ মুহূর্ত হয়ে থাকল।









































