রয়টার্স ছবি
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এখনো চলমান। এর মধ্যে দুই দেশের বাণিজ্যেও রয়েছে নিষেধাজ্ঞা।তবু নানা পথ ঘুরে আবার বাড়ছে পাকিস্তানের ভারতীয় পণ্য আমদানি। বিশেষ করে ওষুধশিল্পের কাঁচামাল, রাসায়নিক উপাদান ও বিভিন্ন চিকিৎসাসামগ্রীর জন্য ভারতের ওপর নির্ভরতা কমাতে পারছে না ইসলামাবাদ।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ৬৯ শতাংশ বেশি।
২০২৫ সালের মে মাসে সংঘাতের পর ভারতীয় পণ্য আমদানিতে বড় ধস নামে। ওই বছরের এপ্রিলে ভারত থেকে আমদানির বিপরীতে মাসিক পরিশোধ ছিল ২ কোটি ডলার। জুনে তা কমে ৯২ লাখ এবং জুলাইয়ে ৮২ লাখ ডলারে নেমে আসে। পরে সেপ্টেম্বর নাগাদ তা আবার বেড়ে ১ কোটি ৯৬ লাখ ডলারে পৌঁছায়।
পাকিস্তানের সরকারি বাণিজ্যিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানি করা পণ্যের ৯৬ দশমিক ২ শতাংশই ছিল জৈব রাসায়নিক ও ওষুধজাত পণ্য। এর মধ্যে টিকা ও রক্তজাত পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৯ কোটি ৩৬ লাখ ডলার। আগের অর্থবছরে এ খাতে ব্যয় ছিল ৭ কোটি ৩ লাখ ডলার।
পাকিস্তানের সাবেক অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা খাকান নাজিবের মতে, প্রতিযোগিতামূলক দাম, সহজলভ্যতা ও ভৌগোলিক নৈকট্যের কারণে ভারতীয় ওষুধশিল্পের ওপর পাকিস্তানের নির্ভরতা রয়েছে।
২০১৯ সাল থেকেই ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে পাকিস্তানের।তবে চিকিৎসাসংক্রান্ত পণ্য আমদানিতে ছাড় দেওয়া হয়েছিল। ২০২৫ সালের সংঘাতের পর নিষেধাজ্ঞা আরো কঠোর করা হলেও তৃতীয় দেশ হয়ে ভারতীয় পণ্য পাকিস্তানে প্রবেশ করছে বলে জানিয়েছেন দেশটির সাবেক বাণিজ্য কর্মকর্তা মুহাম্মদ জুবায়ের মোতিওয়ালা। তার দাবি, দুবাই ও মালয়েশিয়ার মতো দেশ হয়ে এসব পণ্য আসছে।
বিশেষজ্ঞদের মতে, বিকল্প দেশ থেকে কাঁচামাল আমদানি করলে কিছু ক্ষেত্রে ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও অর্থনৈতিক ও জাতীয় স্বার্থে ভারতীয় পণ্যের ওপর নির্ভরতা বজায় রাখতে হচ্ছে পাকিস্তানকে।











































