মানুষের কামড়ও হতে পারে বিপজ্জনক, প্রথমেই যা করা জরুরি

ছবি: এআই জেনারেটেড

কুকুর বা বিড়ালের কামড়ের পর কী করতে হবে, তা নিয়ে অনেকেই সচেতন। কিন্তু মানুষ কামড়ালেও যে শরীরে সংক্রমণ ছড়াতে পারে, সে বিষয়ে অনেকেরই তেমন ধারণা নেই।খেলাধুলা, ঝগড়া কিংবা দুর্ঘটনাবশত মানুষের কামড়ে ত্বক কেটে গেলে দেখা দিতে পারে নানা জটিলতা। তাই এমন ঘটনা ঘটলে অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

মানুষের মুখে অসংখ্য ধরনের ব্যাকটেরিয়া থাকে। কামড়ের মাধ্যমে এসব জীবাণু ত্বকের ভেতরে প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে।বিশেষ করে কামড়ে চামড়া কেটে গেলে বা রক্ত বের হলে ঝুঁকি বেড়ে যায়। হাত ও আঙুলে কামড়ের ক্ষেত্রে সংক্রমণ হাড়, অস্থিসন্ধি কিংবা টেন্ডন পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

কামড়ের পর প্রথমেই যা করবেন

মানুষের কামড়ে ক্ষত তৈরি হলে প্রথম কাজ হলো ক্ষতস্থান পরিষ্কার করা। সাবান ও প্রবাহমান পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান ধুয়ে নিতে হবে।এরপর পরিষ্কার গজ বা কাপড় দিয়ে ক্ষত ঢেকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ক্ষত গভীর হলে, রক্তপাত বন্ধ না হলে কিংবা হাত, আঙুল ও মুখে কামড় লাগলে দ্রুত চিকিৎসা নেওয়া বিশেষভাবে জরুরি। ক্ষতস্থানে সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিতে পারেন।

কোন ভ্যাকসিন নিতে হতে পারে?

মানুষের কামড়ের ঘটনায় সাধারণত জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন হয় না। তবে ক্ষতের ধরন এবং আগে টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস অনুযায়ী বুস্টার ডোজ প্রয়োজন হতে পারে।বিশেষ করে শেষ টিটেনাস টিকা নেওয়ার পাঁচ বছর বা তার বেশি সময় পার হলে চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করা জরুরি।

এ ছাড়া কামড়ের সময় রক্তের সংস্পর্শ ঘটলে হেপাটাইটিস বি সংক্রমণের ঝুঁকি বিবেচনা করতে হয়। কামড় দেওয়া ব্যক্তির শরীরে এই ভাইরাস থাকলে এবং আক্রান্ত ব্যক্তির টিকার সুরক্ষা না থাকলে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

কামড়ের পর ক্ষতস্থানে অতিরিক্ত ব্যথা, লালচে ভাব, ফোলাভাব, পুঁজ বা জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্ষত থেকে লাল দাগ ছড়িয়ে পড়া কিংবা হাতের আঙুল নাড়াতে অসুবিধা হলেও দেরি করা ঠিক নয়।

মনে রাখতে হবে, মানুষের কামড়কে ছোটখাটো আঘাত ভেবে অবহেলা করা উচিত নয়। ক্ষত পরিষ্কার করা এবং সময়মতো চিকিৎসা নেওয়াই সংক্রমণ ও পরবর্তী জটিলতা এড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

LEAVE A REPLY