আফগানিস্তানের সঙ্গে চার দেশের দ্বিপক্ষীয় সিরিজ বাতিল

তালেবান সরকারের অধীনে নারী অধিকার এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলতে চায় না অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। তবে আইসিসির টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি নেই তাদের।অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ।

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অবস্থান যত শক্তিশালী হচ্ছে, মাঠের বাইরের বাস্তবতা ততই চ্যালেঞ্জের মুখে ফেলছে। তালেবান সরকারের অধীনে মেয়েদের খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ার প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার পথে হেঁটেছে তিন দেশ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর এবার সেই তালিকায় যোগ হয়েছে স্কটল্যান্ড।

দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশেষ পরিস্থিতির পরিবর্তন না হলে আফগানিস্তানের পুরুষ দলের সঙ্গে দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে না তারা। তবে আইসিসির কোনো প্রতিযোগিতায় মুখোমুখি হতে হলে খেলবে।

কেন এই সিদ্ধান্ত

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে নারী অধিকার, বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ ব্যাপকভাবে সীমিত হয়েছে। দেশটিতে নারী ক্রিকেটের কার্যক্রমও কার্যত বন্ধ হয়ে গেছে।এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক চালিয়ে যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। 

ক্রিকেট স্কটল্যান্ডের বিবৃতি

আফগানিস্তানের সঙ্গে ভবিষ্যৎ ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ডের চারটি কৌশলগত অগ্রাধিকারের একটি হলো ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণের প্রসার ও উন্নয়ন। সম্প্রতি ক্রিকেট স্কটল্যান্ড কাউন্সিল লিমিটেডের এক সভায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে বোর্ড নিচের সিদ্ধান্তগুলো অনুমোদন করেছে।

[১] আইসিসির প্রতিযোগিতা : আইসিসির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, আফগানিস্তানের পুরুষ দলের বিপক্ষে খেলতে হলে ক্রিকেট স্কটল্যান্ড সেই ম্যাচগুলোতে অংশ নেবে। তবে এসব ম্যাচে অংশগ্রহণকে বর্তমান আফগান সরকার বা তাদের নীতির প্রতি সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।

[২] দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজ : আফগানিস্তানের নারী ক্রিকেট এবং দেশটির বৃহত্তর মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত ক্রিকেট স্কটল্যান্ড আফগানিস্তানের পুরুষ দলকে নিয়ে কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করবে না এবং ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে না।

[৩] সফরপূর্ব অনুশীলন : আইসিসির প্রতিযোগিতার বাইরে আফগানিস্তানের পুরুষ দলের জন্য কোনো সফরপূর্ব অনুশীলন ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ কিংবা প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজন বা তাতে অংশ নেবে না ক্রিকেট স্কটল্যান্ড।

[৪] আফগানিস্তান প্রিমিয়ার লিগ : খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তি অনুযায়ী ক্রিকেট স্কটল্যান্ড নিজেদের দায়িত্ব পালন করবে। কোনো খেলোয়াড়কে আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার অনাপত্তিপত্র দেওয়া হলে তার অংশগ্রহণকে বর্তমান আফগান সরকার বা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।

প্রতি বছর এই নীতি পর্যালোচনা করা হবে। এ ছাড়া আইসিসির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এলে তার ভিত্তিতেও নীতিটি পুনর্বিবেচনা করা হবে।

পাকিস্তানের অবস্থান কি একই

আফগানিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনে পাকিস্তানের নামও আলোচনায় এসেছে। তবে পাকিস্তানের অবস্থান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সিদ্ধান্তের মতো নয়। দুই সম্পর্কের অবনতির পেছনে রয়েছে সীমান্ত সংঘাত, নিরাপত্তা পরিস্থিতি এবং দুই দেশের রাজনৈতিক উত্তেজনা।

২০২৫ সালের অক্টোবরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে আফগানিস্তান নিজেদের প্রত্যাহার করে নেয়। এর কারণ হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকিস্তানের সামরিক হামলায় তাদের তিনজন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। পাকিস্তান অভিযোগ করে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে আফগানিস্তান এসব অভিযোগের বিরোধিতা করে।

অতীতেও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে এর প্রভাব পড়েছে। ২০১৭ সালে কাবুলে ভয়াবহ বোমা হামলার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত ক্রিকেট ম্যাচ ও সমঝোতা বাতিল করে। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডও প্রস্তাবিত সিরিজ বাতিলের ঘোষণা দেয়। 

LEAVE A REPLY