শীতে বেশি ঘুমিয়েও সারাক্ষণ ক্লান্ত লাগার পেছনে যেসব কারণ

সংগৃহীত ছবি

শীত এলেই অনেকের ঘুমের সময় বেড়ে যায়। রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগে, দিনের বেলাতেও ঝিমুনি আসে।এর পেছনে শুধু ঠাণ্ডা আবহাওয়া দায়ী নয়; দিনের আলো কমে যাওয়া, শরীরের জৈবিক ঘড়ির পরিবর্তন এবং দৈনন্দিন অভ্যাসেরও প্রভাব রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় শরীরের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অতিরিক্ত পরিচালক চিকিৎসক নিরঞ্জন সিং।

দিনের আলো কমে যাওয়ার প্রভাব

মানুষের শরীরের ২৪ ঘণ্টার ঘুম ও জেগে থাকার চক্রকে বলা হয় সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ি।আলো এই চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালে দিনের আলো কমে যায় এবং অনেকে ঘরের ভেতর বেশি সময় কাটান। এতে ঘুমের জন্য দায়ী হরমোন মেলাটোনিনের নিঃসরণ ও শরীরের ঘুম-জাগরণের ছন্দে পরিবর্তন আসতে পারে।

ফলে দিনের বেলাতেও ঘুমঘুম ভাব থাকতে পারে।সূর্যের আলো কম পাওয়ার কারণে মেজাজ ও সতর্কতাও প্রভাবিত হতে পারে। এ কারণে শরীর ভারী লাগা বা কাজে মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

ঠাণ্ডায় শারীরিক পরিশ্রম কমে যাওয়া

শীতের সকালে হাঁটতে বা ব্যায়াম করতে অনেকেরই অনীহা তৈরি হয়। ঠাণ্ডার কারণে বাইরে চলাফেরা ও শরীরচর্চা কমে গেলে শরীর আরো অলস ও নিস্তেজ লাগতে পারে। নিয়মিত শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার সঙ্গে ক্লান্তির অনুভূতিও বাড়তে পারে।

খাদ্যাভ্যাস ও পানির ঘাটতি

শীতকালে অনেকেই তুলনামূলক ভারী খাবার বেশি খান। পাশাপাশি ঠান্ডার কারণে তৃষ্ণা কম অনুভূত হওয়ায় পর্যাপ্ত পানি পান করাও ভুলে যান অনেকে। খাবারের অনিয়ম ও শরীরে পানির ঘাটতি ক্লান্তি বাড়াতে পারে।

অন্য শারীরিক সমস্যাও কারণ হতে পারে

সব ক্লান্তির জন্য শীতকে দায়ী করা ঠিক নয়। রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি১২ বা ভিটামিন ডি-এর ঘাটতি, ডায়াবেটিস এবং ঘুমের সমস্যা থেকেও দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে।

আবার শীতের অন্ধকারাচ্ছন্ন দিনগুলোতে কারও কারো মেজাজ ও শক্তির মাত্রায় পরিবর্তন দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে এটি সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডার বা ঋতুভিত্তিক বিষণ্নতার লক্ষণ হতে পারে।

ক্লান্তি কমাতে যা করবেন

চিকিৎসক নিরঞ্জন সিংয়ের পরামর্শ অনুযায়ী, শীতেও প্রতিদিন ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট রাখা জরুরি। দিনের আলোয় কিছুটা সময় বাইরে কাটানোর চেষ্টা করতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, সুষম খাবার এবং পর্যাপ্ত পানি পান শরীরের কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।

এআই খাতে বড় বিনিয়োগে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বাড়াচ্ছে রাষ্ট্রীয় তহবিলপর্যাপ্ত ঘুমের পরও যদি দীর্ঘদিন ক্লান্তি না কাটে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে অকারণে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। মেজাজের পরিবর্তন বা কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলার মতো লক্ষণ দেখা দিলেও চিকিৎসকের সঙ্গে কথা বলা প্রয়োজন।

উল্লেখ্য শীতের স্বাভাবিক অলসতা আর কোনো শারীরিক সমস্যার কারণে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী ক্লান্তির মধ্যে পার্থক্য বোঝা জরুরি।

LEAVE A REPLY