ছবি : সংগৃহীত
আমি প্রেসিডেন্ট পদে থাকলে ইসরায়েলে এ হামলা কখনোই হতে দিতাম না। এমনটা কিছুতেই ঘটত না। রবিবার ট্রুথ সোশ্যাল নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে এমনটা লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ইন্ডিয়া টুডের।
ট্রাম্প আরো লিখেছেন, ‘ঈশ্বর ইসরায়েলের জনগণকে রক্ষা করুক, তারা এই মুহূর্তে আক্রমণের মুখে রয়েছে, কারণ আমরা মাত্রাতিরিক্ত দুর্বলতা দেখিয়েছি।’
ইরানের হামলার পর বাইডেনের দেওয়া ভাষণের সমালোচনা করেন ট্রাম্প। পরবর্তী আরেকটি পোস্টে বাইডেনের ভাষণটিকে আগে থেকে রেকর্ড করা বলে কটাক্ষ করেন তিনি।
ট্রাম্প লেখেন, জনগণের উদ্দেশে ইসরায়েল নিয়ে বাইডেন যে ভাষণ দিয়েছেন, সেটা লাইভ ছিল না।
তিনি এটা রেকর্ড করে নিয়েছেন। এখন রেকর্ড করা ভাষণ চালানোর সময় নয়।
১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এর পরই প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে ইরান।
সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
ক্ষমতায় থাকাকালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। ইরাকে ইরানি রেভল্যুশনারি গার্ড নেতাকে হত্যার নির্দেশও দিয়েছিলেন তিনি। তাই ইরানের প্রতি নমনীয়তা দেখানোর জন্য রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের দোষারোপ করলেন তিনি।
বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘যে দুর্বলতা দেখিয়েছি তা অবিশ্বাস্য।
আমরা ক্ষমতায় থাকলে এমনটা হতো না।’











































