ভারতে তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এক দশকের প্রধানমন্ত্রিত্বে মোদি কখনো সংবাদ সম্মেলন করেননি। শুক্রবার নিজের বক্তব্য জানালেও প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হননি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি বলেন, ‘এটুকু আশ্বাস দিতে পারি, গত দুই দফায় (প্রধানমন্ত্রিত্বের) উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার পাঁচ বছরেও তা থাকবে।’
এর পরে তিনি বলেন, ‘মাননীয় রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন।
আমি তাকে জানিয়েছি, ৯ তারিখ (রবিবার) বিকেলে শপথগ্রহণ হলে ভালো হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।’
সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটের সংসদীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী ও সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎপর্ব সেরে রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে যান মোদি। বিজেপি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রাষ্ট্রপতির কাছে এনডিএর মোট ২১ জন নেতার সমর্থনপত্র নিয়ে রাষ্ট্রপতি কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানান তিনি।











































