‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক এ তথ্য জানিয়েছেন।
এরশাদুল হক জানান, দীর্ঘদিনের কিডনি সমস্যার পাশাপাশি সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণে আক্রান্ত হন সাহেদ। এতে তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল।সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়।
একজন চিকিৎসকের বরাত দিয়ে এরশাদুল হক জানান, কিডনির জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহে ভুগছেন সাহেদ। এর সঙ্গে অস্বাভাবিক রক্তক্ষরণ তার শারীরিক পরিস্থিতি আরো সংকটাপন্ন করে তুলেছে। একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসাও কঠিন হয়ে পড়েছে।হাসপাতালের একজন চিকিৎসকও তাকে কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার স্ট্রোক হয়। এরপর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না তিনি।ফিসফিস করে ও ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করছিলেন। এর মধ্যে পরীক্ষায় ডেঙ্গুও শনাক্ত হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর শেখ সাহেদকে অন্য একটি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। সে সময় ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধাসহ আরো কিছু জটিলতা দেখা দিয়েছিল বলে জানান এরশাদুল হক।
অসুস্থতার কারণে থেমে গেছে সাহেদের দীর্ঘদিনের সংগীত আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহের জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল। এ উপলক্ষে গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও শিল্পীর অসুস্থতার কারণে তা বাতিল করা হয়।আরো পড়ুন
এরশাদুল হক জানান, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। এ জন্য কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত এই শিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরো পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।
সাহেদের সুস্থতার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছএরশাদুল হক।











































