দুর্ঘটনার ধকল কাটিয়ে সুস্থ রাশ্মিকা

রাশ্মিকা মান্দানা

কিছু দিন ধরে জনসমক্ষে পাওয়া যাচ্ছিল না রাশ্মিকা মান্দানাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দু-একটা পোস্ট দিলেও সেভাবে সক্রিয় ছিলেন না। মাসখানেক এমন আড়ালে থাকার পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। তবে ভক্তদের দিলেন একটি দুঃসংবাদ।

দুর্ঘটনায় আহত হয়েছেন রাশ্মিকা। তবে ঠিক কী হয়েছে, তা স্পষ্ট করেননি ‘অ্যানিমেল’ অভিনেত্রী। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের শারীরিক অবস্থা জানিয়েছেন তিনি।

রাশ্মিকা বলেন, ‘আমি জানি, সোশ্যাল মিডিয়া ও জনসমাগমে আমাকে দেখা যাচ্ছে না।

গত মাসে আমি ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছি, তাই কোথাও সক্রিয় থাকতে পারিনি। সুস্থতার জন্য আমাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

কথা প্রসঙ্গে অনুসারীদের একটি পরামর্শও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘নিজের যত্ন নেওয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সব সময়।

কারণ জীবন খুবই ভঙ্গুর এবং ছোট। কেউ জানি না কালকের দিনটা আমাদের জীবনে আসবে কি না, তাই প্রতিদিনই সুখ খুঁজে নিন।’

রাশ্মিকা জানান, তিনি এখন অনেকটা সুস্থ। পুনরায় কর্মমুখর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডিসেম্বরে তিনি হাজির হবেন বহুল আলোচিত ‘পুষ্পা : দ্য রুল’ নিয়ে।

সুকুমারের এই তেলুগু সিনেমাতে তিনি অভিনয় করেছেন আল্লু অর্জুনের সঙ্গে। আরো আছে তেলুগু ‘রেইনবো’, ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো সিনেমা। এ ছাড়া বলিউডে তাকে দেখা যাবে লক্ষণ উটেকরের ‘ছাভা’ ও এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’-এ।

LEAVE A REPLY