ছবি : বিসিবি ফেসবুক পেজ
আরো দুই দিন আগে থেকেই পাকিস্তানের ‘টুইন সিটি’ ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডির আবহাওয়া ক্রিকেটের জন্য বেগতিক। পূর্বাভাস ছিল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের দিন বৃষ্টি হওয়ারও। আজ সকাল থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে সংশয়ও তাই উবে যায়নি। সূর্য একবার উঁকি দিয়েই আবার মেঘের আড়ালে হারিয়ে যাওয়ায় এই দুই শহরে এখন আধো আলো, আধো অন্ধকার।
মঙ্গলবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটিও সেদিন সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভেসে গিয়েছিল। মাঝে একবার বৃষ্টি থামলেও আউটফিল্ডের অবস্থা খারাপ থাকায় খেলা শুরু করা যায়নি। শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আজকের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের কী পরিণতি হয়, সেটি জানার জন্য অপেক্ষার বিকল্প নেই।এর আগে গত আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলাও হালকা বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি। কারণ মাঠের ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ায় অল্প বৃষ্টিতেই ম্যাচ শুরু করা কঠিন হয়ে যায়।
আশার কথা, আজকের আবহাওয়া দুই দিন আগের মতো অত খারাপ নয়। তাই কার্টেল ওভারের হলেও ম্যাচ হতে পারে।
এই ম্যাচ খেলার জন্য যথাসময়েই হোটেল থেকে মাঠে যাচ্ছে বাংলাদেশ দল। স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) রওনা দেওয়ার অপেক্ষায় তাঁরা। তবে খেলা হোক বা না হোক, আগামীকাল তাঁদের দেশে ফেরার ফ্লাইটের সূচী ঠিক হয়ে গেছে। সকাল ৯টায় এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের পথে তাঁরা ইসলামাবাদ ছাড়বে। সেখান থেকে রাতেই পৌঁছানোর কথা ঢাকায়।









































