সিমরিন লুবাবা
আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শক-হৃদয়ে। তবে সেই পথ পাড়ি দিয়ে এখন লুবাবা এসেছেন ধর্মের পথে। ধর্মীয় সীমার মধ্যে থেকেই মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি।
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় লুবাবা। নিজের বিষয়ে অনুরাগীদের সবকিছুই জানাতে পছন্দ করেন। তবে প্রায়ই বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। এই শিশুশিল্পীকে ঘিরে সমালোচনা করেন নেটিজেনরা।
এবার সেইসব সমালোচকদের জবাব দিলেন লুবাবা।
নিজের বিরুদ্ধে চলমান সমালোচনার জবাবে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লুবাবা। সেখানে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমি লুবাবা, আমার মতো করেই চলব।’
লুবাবা তার পোস্টে লেখেন, ‘রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলেন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বার বার খোচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা।
কিন্তু কেনো? ইসলামিক পথচলায় এত বাধা কেনো?’
সমালোচকদের উদ্দেশে লুবাবা বলেন, ‘আপনি টিকটক করলে আমি বলতে পারবো না? আর আমি একবারও বলি নাই টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচাগানা কখনোই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সাথে কাজ করি। তাই আমি ফুড/ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই।
নিজের মতো করে চলবেন জানিয়ে লুবাবা বলেন, ‘আমি বারবার বলি, আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেনো, আমি লুবাবা, আমার মতো করেই চলবো। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।’
স্ট্যাটাসের শেষাংশে লুবাবা লেখেন, ‘এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিঘ্রই আপনি আপনার ভুল বুজে আল্লাহর পথে আসবেন। আমিন।’









































