শেষ মুহূর্তে প্রাঙ্গণেমোরের হল বরাদ্দ বাতিল, নাট্যাঙ্গনে ক্ষোভ

সংগৃহীত ছবি

নতুন নাটক মঞ্চে আনার প্রস্তুতি প্রায় শেষ। নিয়ম মেনে মিলনায়তন বরাদ্দ নেওয়ার পাশাপাশি ভাড়ার টাকাও পরিশোধ করেছিল নাট্যদল প্রাঙ্গণেমোর।কিন্তু উদ্বোধনী প্রদর্শনীর মাত্র কয়েক দিন আগে হঠাৎ সেই বরাদ্দ বাতিল করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ ঘটনায় ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে নাট্যাঙ্গনে।

নূনা আফরোজের নির্দেশনায় প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে নতুন নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর জন্য ১৯ ও ২০ নভেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তন বরাদ্দ চেয়ে আবেদন করেছিল দলটি।তবে হল বরাদ্দ কমিটি ১৮ নভেম্বরের জন্য মিলনায়তন বরাদ্দ দেয়। নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করে বরাদ্দও নিশ্চিত করে প্রাঙ্গণেমোর। কিন্তু গত ৯ নভেম্বর চিঠি দিয়ে সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত জানায় শিল্পকলা একাডেমি। 

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদের সই করা চিঠিতে বলা হয়, ১৮ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি নাটকের প্রদর্শনীর আয়োজন করবে শিল্পকলা একাডেমি।নজরুল বর্ষ উপলক্ষে এই আয়োজন করা হচ্ছে। এ কারণে প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়েছে। তবে কোন নাটকটি মঞ্চস্থ হবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

শিল্পকলা একাডেমির এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন প্রাঙ্গণেমোরের প্রতিষ্ঠাতা ও প্রধান অনন্ত হিরা। তাঁর প্রশ্ন, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজনের পরিকল্পনা আগে থেকেই থাকার কথা।তাহলে নিয়ম মেনে বরাদ্দ পাওয়া একটি নাট্যদলের মিলনায়তন কেন শেষ মুহূর্তে বাতিল করতে হলো?

অনন্ত হিরা বলেন, ‘নজরুল বর্ষের অনুষ্ঠানের শিডিউল তো আগে থেকেই শিল্পকলার কাছে থাকার কথা। এভাবে আরেকটি নাট্যদলকে দেওয়া বরাদ্দ বাতিল করে অনুষ্ঠান করতে হবে কেন? আমরা তো যথাযথ নিয়ম মেনেই মিলনায়তন বরাদ্দ নিয়েছি। বরাদ্দের টাকাও পরিশোধ করেছি।’

জাতীয় নাট্যশালার হল বরাদ্দ নীতিমালা অনুযায়ী, বিশেষ প্রয়োজনে যেকোনো সময় মিলনায়তনের বরাদ্দ বাতিল করার ক্ষমতা রয়েছে শিল্পকলা একাডেমির। তবে এই নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছেন অনন্ত হিরা। তাঁর মতে, নিয়ম মেনে ভাড়া পরিশোধের পরও হঠাৎ বরাদ্দ বাতিল করা হলে নাট্যদল আর্থিক ক্ষতির মুখে পড়ে। একই সঙ্গে টিকিট কেটে নাটক দেখার যে সংস্কৃতি ধীরে ধীরে গড়ে উঠছে, এমন সিদ্ধান্ত তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, থিয়েটারবিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’ ১১ নভেম্বর প্রকাশিত এক লেখায় শিল্পকলার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, হল বরাদ্দ কমিটি একটি নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করার পর সেই বরাদ্দ বাতিলের যৌক্তিকতা কী? এক মাস আগে আবেদন, বরাদ্দ কমিটির সিদ্ধান্ত এবং নির্ধারিত ভাড়া পরিশোধের মধ্য দিয়ে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যদি শেষ মুহূর্তে বরাদ্দ বাতিল করা যায়, তাহলে ওই কমিটির সিদ্ধান্তের কার্যকারিতা কোথায়?

লেখাটিতে আরও বলা হয়েছে, নজরুল বর্ষের মতো সরকারি কর্মসূচির আয়োজন আকস্মিকভাবে নির্ধারিত হওয়ার কথা নয়। এ ধরনের আয়োজনের জন্য আগে থেকেই পরিকল্পনা ও সমন্বয় থাকা প্রয়োজন। বরাদ্দ বাতিলের ক্ষমতা নীতিমালায় থাকলেও তা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা জরুরি।

একই সঙ্গে নাট্যদলগুলোর সম্মিলিত প্রতিবাদের আহ্বান জানিয়ে লেখাটিতে অন্তত ছয় মাস জাতীয় নাট্যশালায় মূলধারার নাট্যদলগুলোর প্রদর্শনী বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পকলার হল বরাদ্দ প্রক্রিয়া সংশোধন এবং নিয়ম মেনে বরাদ্দ পাওয়ার পর নাট্যদলগুলোর স্বার্থ সুরক্ষার দাবিও তোলা হয়েছে।

তবে হল বরাদ্দ বাতিল হলেও নতুন নাটকের প্রদর্শনী বন্ধ রাখছে না প্রাঙ্গণেমোর। দলটি জানিয়েছে, আগামী ১৯ ও ২০ নভেম্বর নাটক সরণির মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘দেওয়ান গাজীর কিসসা’। ফলে নির্ধারিত সময়েই নতুন নাটকটি দর্শকদের সামনে আনার প্রস্তুতি নিচ্ছে দলটি।

LEAVE A REPLY