আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন ট্রাম্প?

ছবিসূত্র : এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসতে পারেন বলে দাবি করেছে পাকিস্তানের দুটি স্থানীয় টেলিভিশন চ্যানেল। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে তারা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সফরটি নিশ্চিত হলে তা হবে প্রায় দুই দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর।

সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ট্রাম্পের সম্ভাব্য সফর সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, ট্রাম্প সেপ্টেম্বরে ইসলামাবাদে পৌঁছাবেন এবং এরপর ভারত সফরে যাবেন। 

সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যে একটি অভূতপূর্ব বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সেই বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন গতি আনে বলে বিশ্লেষকদের অভিমত। তবে হোয়াইট হাউস কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এখনো পর্যন্ত এই সম্ভাব্য সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY