টটেনহামের মাঠে দুয়ো পেলেন সাবেক আর্সেনাল তারকা

ভিয়ারিয়ালের মিডফিল্ডার থমাস পার্টি।

লন্ডনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টটেনহাম সমর্থকদের প্রবল দুয়োর শিকার হয়েছেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার থমাস পার্টি। আর্সেনালের সাবেক এই খেলোয়াড়ের বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলার অভিযোগ থাকায় তার মাঠে ফেরাকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

৩২ বছর বয়সী পার্টি বেঞ্চে শুরু করলেও ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। তখনই স্পার্স সমর্থকেরা তাকে দুয়ো দিতে শুরু করে এবং তিনি বল স্পর্শ করার প্রতিবারই সেই দুয়ো অব্যাহত থাকে।

ম্যাচে টটেনহ্যাম ১-০ গোলে জয় পায়।

চলতি বছরের জুলাইয়ে পার্টির বিরুদ্ধে তিন নারীর অভিযোগে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের মামলা দায়ের হয়। অভিযোগগুলো ২০২১-২২ মৌসুমে আর্সেনালে খেলার সময়ের। ম্যাচে পরদিন, অর্থাৎ আজ বুধবার লন্ডনের ওল্ড বেইলি আদালতে ধর্ষণ মামলায় আদালতে হাজির হওয়ার কথা আছে তার।

গত ৫ আগস্ট আদালতে হাজিরার পর তিনি জামিন পান। মাত্র দুই দিন পর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল তাকে দলে ভেড়ায়। পার্টির আইনজীবী জেনি উইলশায়ার জানিয়েছেন, পার্টি তার বিরুদ্ধে ওঠা ‘সব অভিযোগ অস্বীকার করেছেন’ এবং ‘নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগকে স্বাগত জানাচ্ছেন।’

পুলিশ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ধর্ষণের প্রথম অভিযোগ পাওয়ার পর এ মামলার তদন্ত শুরু হয়।

LEAVE A REPLY