সংগৃহীত ছবি
সুপার টাইফুন রাগাসার প্রবল আঘাতের আশঙ্কায় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর টানা ৩৬ ঘণ্টা যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখার পরিকল্পনা করছে। এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য স্থগিতকরণ হতে যাচ্ছে। খবর দ্য স্ট্রেইট টাইমসের।
বিমানবন্দরের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে।
ইতিমধ্যেই কান্তাস এয়ারওয়েজ তাদের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করেছে।
হংকং অবজারভেটরি জানিয়েছে, ইতিমধ্যেই রাগাসা সুপার টাইফুনে রূপ নিয়েছে, যার কেন্দ্রীয় এলাকায় স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার। এটি ক্যাটাগরি ৪ হারিকেনের সমান।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে টাইফুন সাওলার জন্য ২০ ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।
২০২৫ সালের জুলাইয়ে টাইফুন বিপার জন্য ১৩ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।
হংকং বিমানবন্দর বিশ্বব্যাপী যাত্রী চলাচলের একটি প্রধান কেন্দ্র। এখান থেকে প্রতিদিন গড়ে ১,১০০ ফ্লাইট ও ১ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন হয়। এ অবস্থায় রাগাসার কারণে দীর্ঘ ৩৬ ঘণ্টার বিমানবন্দর বন্ধ থাকলে শহরের ৭৫ লাখ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে।










































