ব্রাজিলের ফুটবল মানেই পেলে, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো, নেইমারসহ অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের গল্প। মাঠের তারকাদের নিয়ে আলোচনা হয় বিশ্বজুড়ে।
কিন্তু মাঠের বাইরেও ব্রাজিলের ফুটবলে এমন একজন নারী আছেন, যিনি নিজের অবস্থান তৈরি করেছেন ব্যবসা, আইন, সাংবাদিকতা, ক্লাব পরিচালনা ও বৈশ্বিক ফুটবল প্রশাসনে। দেশটির ঐতিহ্যবাহী ক্লাব পালমেইরাসের ১১২ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী সভাপতি। শুধু ক্লাব পরিচালনাতেই নয়, তার প্রভাব পৌঁছেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রশাসনিক পরিসরেও।
ব্রাজিলের ফুটবলে লেইলার উত্থান এক দিনে হয়নি। ব্যবসায়ী হিসেবে নিজের অবস্থান তৈরি করার পর ধীরে ধীরে যুক্ত হয়েছেন ফুটবল অঙ্গনে।
২০১৫ সাল থেকে লেইলার প্রতিষ্ঠান ক্রেফিসা ও এফএএম পালমেইরাসের গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক হয়ে ওঠে। এর মধ্য দিয়ে ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক আরো গভীর হয়।
পরবর্তী সময়ে ক্লাবের পরিচালনা পর্ষদে যুক্ত হয়ে ফুটবল প্রশাসনে নিজের অবস্থান তৈরি করেন।

২০২১ সালের ২০ নভেম্বর পালমেইরাসের ৪০তম সভাপতি হিসেবে নির্বাচিত হন লেইলা পেরেইরা। ক্লাবটির ১১২ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী সভাপতি। নির্বাচনে ২ হাজার ১৪১ ভোটের মধ্যে ১ হাজার ৮৯৭ ভোট পেয়েছিলেন তিনি।
এর মধ্য দিয়ে ব্রাজিলের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়।
তবে লেইলার পরিচয় শুধু একজন ক্লাব সভাপতি হিসেবে সীমাবদ্ধ নয়। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা ও আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ২০০৮ সালে ক্রেফিসার শীর্ষ পদে আসেন। পাশাপাশি এফএএমের সভাপতির দায়িত্বও পালন করছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা তাকে ফুটবল প্রশাসনের আর্থিক ও সাংগঠনিক দিকগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিয়েছে।
লেইলা পেরেইরার নেতৃত্বে পালমেইরাস মাঠের সাফল্যেও ধারাবাহিকতা দেখিয়েছে। তার প্রথম মেয়াদে পুরুষ দল ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে ২০২২ ও ২০২৩ সালে। এই দুই বছর জিতেছে সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপও। ২০২২ সালে জিতেছে রেকোপা সুদামেরিকানা এবং ২০২৩ সালে সুপারকোপা দো ব্রাজিল।
লেইলার সভাপতিত্বে পালমেইরাস নারী দলও ২০২২ সালে প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেস জেতে। পাশাপাশি ২০২২ ও ২০২৪ সালে জেতে সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ।

২০২৪ সালের ২৪ নভেম্বর আবারও পালমেইরাসের সভাপতি নির্বাচিত হন লেইলা। এবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনজীবী সাভেরিও অরলান্দি। নির্বাচনে লেইলা পান ২ হাজার ২৯৫ ভোট, অরলান্দি পান ৮৫৮ ভোট। ক্লাব সভাপতি হিসেবে লেইলার বর্তমান মেয়াদ ফুরাবে ২০২৭ সালে।
ক্লাবের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও জায়গা করে নিয়েছেন লেইলা। ২০২৫ সালের ৮ অক্টোবর ফিফা তাকে পুরুষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কমিটির সদস্য মনোনীত করে। ২০২৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। এই কমিটির কাজের মধ্যে রয়েছে পুরুষ ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতাসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপেও লেইলা ছিলেন আলোচনায়। অংশ নেওয়া ৩২ ক্লাবের মধ্যে তিনিই ছিলেন একমাত্র নারী সভাপতি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের বৃহৎ মঞ্চেও নারী নেতৃত্বের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে ওঠেন তিনি।
তবে লেইলা পেরেইরার পথচলা বিতর্কমুক্ত নয়। ক্লাবটির সভাপতি হওয়ার পাশাপাশি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকায় স্বার্থের সংঘাত নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে ক্রেফিসা পালমেইরাসের সঙ্গে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার সম্পর্ক ছিন্ন করে। বিষয়টি ব্রাজিলের ফুটবল ও ব্যবসায়িক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। এসব বিতর্কের মধ্যেও ক্লাব পরিচালনা ও আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে লেইলার ভূমিকা রেখে যাচ্ছেন।
অন্য সব দেশের মতো ব্রাজিলের ফুটবলে দীর্ঘদিন ধরে পুরুষদের আধিপত্য থাকলেও লেইলা পেরেইরার উত্থান সেই কাঠামোয় নারীর নেতৃত্বের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তার গল্প শুধু একজন নারীর ক্লাব সভাপতি হওয়ার নয়; বরং ব্যবসা, অর্থনীতি, ক্রীড়া ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে একজন নারীর অবস্থান তৈরিরও।
ফুটবলের মাঠে খেলোয়াড়েরা যেমন দলকে সাফল্য এনে দিয়ে ইতিহাস গড়েন, তেমনি মাঠের বাইরেও কিছু মানুষ সিদ্ধান্ত, নেতৃত্ব ও ব্যবস্থাপনার মাধ্যমে দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা এসব বৈশিষ্ট্যেরই একটি আলোচিত নাম।










































