পাকিস্তান ক্রিকেটের পতন দেখে ‘খারাপ লাগে’ ইশান্ত শর্মার

ছবি : রয়টার্স

ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ একসময় ছিল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে দুই দলের শক্তির ব্যবধান বেড়েছে বহুগুণ। চলতি এশিয়া কাপে পাকিস্তানকে ইতোমধ্যেই দুইবার হারিয়ে আধিপত্য প্রমাণ করেছে ভারত। পাকিস্তান ক্রিকেটের এই পতন দেখে ‘খারাপ লাগছে’ বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার ইশান্ত শর্মা।

এক পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ইশান্ত বলেন, ‘পাকিস্তান তো এমনিতেই অনেক চাপের মধ্যে থাকে। আমরা যদি আরো চাপ দিই, সেটা তারা কীভাবে সামলাবে? গ্যালারিতে তাদের সমর্থকেরা সবসময় চাপ সৃষ্টি করে। কখনো কখনো সত্যিই তাদের জন্য খারাপ লাগে।’

তিনি মনে করেন, আগের মতো পাকিস্তান আর ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে না।

‘আগে যখন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাকলায়েন মুসতাক, আফ্রিদির মতো কিংবদন্তি খেলোয়াড় ছিল, তখন চাপ অনেক বেশি থাকত। এখনকার দল সেই মানের নয়। আমাদের প্রতিভা, অবকাঠামো আর সুযোগ-সুবিধার কাছে তারা এখনো অনেক পিছিয়ে।’

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পাকিস্তানের বর্তমান অবস্থা দেখে ইশান্তের ধারণা, সালমান আগার নেতৃত্বে থাকা দল সূর্যকুমার যাদবের ভারতের সামনে দাঁড়াতে পারবে না।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও বলেন, পাকিস্তান আর তাদের প্রতিদ্বন্দ্বী নয়—কারণ দুই দলের পারফরম্যান্স ও পরিসংখ্যানের পার্থক্য এখন বিশাল।

LEAVE A REPLY